তৃণমূল আমলে খুনের মামলায় জড়িয়েছিলেন। জেলও হয়েছিল। আবার গ্রেফতার হলেন হুগলির মগরার প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পাল ওরফে দেবু। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছে একটি ওয়ান শটার পিস্তলও মিলেছে।
মগরা থানার ত্রিবেণী কালীতলার বাসিন্দা দেবু একদা বাঁশবেড়িয়া শহর তৃণমূলের সভাপতি ছিলেন। তৃণমূল আমলে বেশ কয়েক বার বিতর্কে জড়িয়েছেন। কালীতলায় এসটিকেকে রোডের পাশে তাঁর একটি হোটেল রয়েছে। এসটিকেকে রোড থেকেই শুক্রবার রাতে দেবুকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। শনিবার আদালতে হাজির করানোর আগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হয় জিরাট শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়েছে ধৃতকে।
আরও পড়ুন:
পুলিশের একটি সূত্রে খবর, খুন, তোলাবাজি-সহ নানা মামলায় রয়েছে দেবুর বিরুদ্ধে। স্থানীয়েরা জানাচ্ছেন, তৃণমূলের সময় জেল খাটার পর ওই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন দেবু। তবে গত বিধানসভা ভোটে আবার তাঁকে সক্রিয় হতে দেখা যায়। তৃণমূলের হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে থাকতেন। এ বার বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দেবুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার প্রেক্ষিতেই পুলিশি পদক্ষেপ।