এ বার বিজ্ঞাপনে দেবী এবং আমিষ পদের পাশাপাশি ছবি ঘিরে বিতর্ক। ওই নিয়ে রাজনৈতিক চাপানউতর হুগলির উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গেল পুলিশ। অভিযোগ শুনে বিধায়ক জানালেন, এ জিনিস চলতে যায় না! তিনি তড়িঘ়়ড়ি ‘বিতর্কিত’ বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
হিন্দমোটরের শ্রীরাম গ্র্যান্ড সিটির সামনে পুজো উপলক্ষে বেশ কিছু পোস্টার সাঁটিয়েছে একটি বিরিয়ানির দোকান। তাতে দুর্গার পাশে রয়েছে চিকেন বিরিয়ানির ছবি। পাশে লেখা ‘এ পুজোয় ভক্তিতে মা’। তা-ই নিয়ে রবিবার আপত্তি করেছেন স্থানীয় কয়েক জন। তাঁদের দাবি, এমন বিজ্ঞাপন ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে। দুর্গার ছবির পাশে কেন আমিষ পদের ছবি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক ‘প্রতিবাদী’ বলেন, ‘‘কার অনুমতি নিয়ে মা দুর্গার ছবি আর আমিষ খাবারের ছবি দেওয়া হয়েছে একই পোস্টারে? যে দিয়েছে তাকে ছাড়া হবে না।’’ লোক জমে। হইচই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরপাড়া থানার পুলিশের কয়েক জন কর্মী। বলে হুশিয়ারীও দেওয়া হয়।
এর মধ্যে ওই খবর পৌঁছে যায় বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। তিনি বলেন, ‘‘এ জিনিস বরদাস্ত করা যাবে না।’’ বিধায়কের ব্যাখ্যা, ‘‘এটা আমিষ বিতর্কের বিষয় না। কত সাহস হলে মা দুর্গার সঙ্গে বিরিয়ানির ছবি দেওয়া হয়!’’ তাঁর মত, এ ভাবে হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। পুলিশ গিয়ে ব্যবস্থা নিয়েছে।’’
আরও পড়ুন:
এর মধ্যে ওই বিরিয়ানি দোকানদারকে ডেকে সব পোস্টার খুলিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বিধায়ক জানিয়েছেন, এ রকম বিজ্ঞাপন দেখলে এর পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবারই শিলিগুড়ি শহরে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের বাড়ির সামনে শুধুমাত্র হিন্দু হোটেল থেকে বিরিয়ানি খেতে হবে, এই মর্মে পোস্টার সাঁটিয়েছে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তাই নিয়ে রাজনৈতিক তরজা চলছে। হুগলিতে আমিষ পদের সঙ্গে দুর্গার ছবি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল। তবে পুলিশ সূত্রে খবর, এ নিয়ে লিখিত ভাবে কেউ কোনও অভিযোগ করেননি।