Advertisement
E-Paper

এটিএমে টাকা তুলতে যেতেই ফোঁস করে ফণা তুলল গোখরো! পুজোর কেনাকাটা মাথায়, দৌড় যুবকের

রবিবার দুপুরে ধূপগুড়ির একটি এটিএম কিয়স্কে টাকা তোলার জন্য লাইন দিয়েছিলেন কয়েক জন। সেই সময় কিয়স্কের ভিতর থেকে ফোঁস-ফোঁস শব্দ শুনতে পান তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫০
Jalpaiguri Snake Incident

এটিএম কিয়স্কে গোখরো! — নিজস্ব চিত্র।

পুজোর কেনাকাটার জন্য এটিএম থেকে টাকা তুলবেন বলে লাইন দিয়েছিলেন জনা কয়েক লোক। কিন্তু কিয়স্কে ঢুকেই আতঙ্কে দৌড়ে দিলেন লাইনের প্রথমে থাকা এক গ্রাহক। গোখরোর আতঙ্কে শোরগোল জলপাইগুড়ির ধূপগুড়িতে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এটিএম কিয়স্কের ভিতর থেকে একটি গোখরো সাপ উদ্ধার করে নিয়ে গেলেন পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে ধূপগুড়ির একটি এটিএম কিয়স্কে টাকা তোলার জন্য লাইন দিয়েছিলেন কয়েক জন। সেই সময় কিয়স্কের ভিতর থেকে ফোঁস-ফোঁস শব্দ শুনতে পান তাঁরা। শব্দের উৎস খুঁজতে কিয়স্কে ঢুকতেই একজনের চোখে পড়ে এটিএমের পিছনে কুণ্ডলী পাকিয়ে ফণা তুলে বসে একটি বিশালাকার গোখরো। বিষধরকে দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে চলে যান তিনি।

এটিএমে টাকা তুলতে যাওয়া সৈকত ভট্টাচার্য জানান, তিনি-ই লাইনে প্রথমে ছিলেন। হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ শুনতে পেয়ে এটিএমের পিছনে তাকান। তখন দেখতে পান বড় আকারের একটি গোখরো কুণ্ডলী পাকিয়ে রয়েছে। তিনি ভয়ে দৌড়ে বেরিয়ে যান। দ্রুত ওই খবর ছড়িয়ে পড়ে। তার পর সাপ উদ্ধারের জন্য ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের খবর পাঠানো হয়। ওই সংগঠনের সদস্যদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় চার ফুট লম্বা একটি গোখরোকে উদ্ধার করা গিয়েছে। সাপটিকে তার নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

ওই সংগঠনের এক সদস্য ভজন সাহা জানান, এটিএমের ভিতরে ফণা তুলে বসেছিল গোখরোটি। তাঁর কথায়, ‘‘সাপটিকে সময়মতো দেখতে না পেলে বড় দুর্ঘটনা হতে পারত। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় চার ফুট।’’

Jalpaiguri Snake ATM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy