Advertisement
E-Paper

গতি বাড়িয়ে অন্ধ্র উপকূল ছুঁয়েছে অর্ণবের বাইরের বলয়! কয়েক ঘণ্টার মধ্যেই ল্যান্ডফল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সতর্কতা

২৮ অক্টোবর রাত ২টো থেকে ৪টের মধ্যে ল্যান্ডফল হবে অর্ণবের। অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে সে ঝাঁপাবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা ঝড়ের গতি মাঝেমধ্যে হতে পারে ১৫০ কিলোমিটার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২৩:১৩

— ফাইল চিত্র।

যা মনে করা হয়েছিল, তার আগেই গতি বাড়িয়ে ডাঙা ছুঁয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের বাইরের বলয়। আর কয়েক ঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকা ধরে হতে চলেছে ল্যান্ডফল। প্রতিবেদন লেখার সময় বঙ্গোপসাগরের উপরে ঝড়ের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। যখন ল্যান্ডফল হবে, তখন মাঝেমধ্যে ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ১৫০ কিলোমিটারের আশপাশে। অতি তীব্র সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা। চার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, শেষ ছ’ঘণ্টায় অর্ণবের গতিবেগ ছিল ২২ কিলোমিটার। বর্তমানে অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে, মছিলিপত্তনাম থেকে ১০০ কিলোমিটার পূর্বে, বাপাতলা থেকে ১৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে অর্ণবের। সাগরের উপরে ঝড়ের গতিবেগ ঘোরাফেরা করছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে।ঘূর্ণিঝড়ের সবচেয়ে বাইরের বলয় ইতিমধ্যে স্থলভাগের আরও ভিতরে প্রবেশ করেছে। ২৮ অক্টোবর রাত ২টো থেকে ৪টের মধ্যে ল্যান্ডফল হবে অর্ণবের। অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে সে ঝাঁপাবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা ঝড়ের গতি মাঝেমধ্যে হতে পারে ১৫০ কিলোমিটার। তার প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে। চলবে ঝড়বৃষ্টি।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পাহাড় এবং সংলগ্ন পাঁচ জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।

Bay Of Bengal Cyclone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy