চোরবাগান এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ড। দোতলা বাড়ির একতলায় আগুন লাগে রবিবার সকালে। চারপাশ ধোঁয়ায় ভরে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
দমকল সূত্রে খবর, রবিবার সকাল পৌনে ১০টা নাগাদ তারা আগুন লাগার খবর পায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রথমে বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ভিতরে ঢোকেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। নজরে আসতে প্রথমে স্থানীয় এবং ওই বাড়ির বাসিন্দারা আগুন নেবানোর চেষ্টা করেন। আতঙ্ক ছড়ায় এলাকায়। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলবাহিনী সেই কারণ খতিয়ে দেখছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের দাবি, ঘরের মধ্যে বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে।
আরও পড়ুন:
দুর্গাপুজোর সময় এই চোরবাগানেরই এক মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। রবিবার যে বাড়িতে আগুন লাগে, সেটা ওই মণ্ডপের ঠিক উল্টো দিকেই। চোরবাগান কাণ্ডে জোরকদমে তদন্তে চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)-ও তদন্ত করে। সেই তদন্ত দলের মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে আবার সংবাদের শিরোনামে চোরবাগান।