নিম্নচাপের প্রভাবে সোমবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। সকালেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। দুর্ভোগে অফিসযাত্রী থেকে স্কুল-কলেজমুখী পড়ুয়ারা। কলকাতার যত্রতত্র যানজট তৈরি হচ্ছে। জল জমেছে নানা জায়গায়।
সোমবার থেকে উত্তরের চেয়ে দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশি। ইতিমধ্যে জল জমেছে দক্ষিণ কলকাতার বড় রাস্তা থেকে অলি-গলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও জারি থাকতে পারে এই অবস্থা। সোমবার রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে গড়িয়াহাট, যাদবপুর থেকে বেহালায়। শ্যামবাজার থেকে সিঁথিতেও বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ কলকাতার তুলনায় কম।
এমনকি, মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর কলকাতার চেয়ে দক্ষিণ কলকাতার এলাকাগুলিতে বেশি জল জমেছে। কয়েকটি নিচু এলাকা ইতিমধ্যে জলবন্দি হয়ে পড়েছে। গোপাল মুখার্জি রোড, আমির আলি অ্যাভিনিউ, লাউডন স্ট্রিট, থিয়েটার রোড, রডন স্ট্রিট, এলগিন রোডে জল জমেছে। একই অবস্থা জাস্টিস চন্দ্রমাধব রোড, ডিএইচ রোড, তারাতলা, সিজিআর রোডেও। হেস্টিংসের ডাউন র্যাম্পেও জল জমে রয়েছে। একই পরিস্থিতি খিদিরপুরে। অন্য দিকে, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা জলবন্দি।
হাওয়া অফিস জানিয়েছে, সকাল সাড়ে আটটা পর্যন্ত আলিপুর এলাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দমদমেও তা-ই। সল্টলেকে বৃষ্টির পরিমাণ ৪০.৬ মিলিমিটার। তা ছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বর্ষণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ক্যানিংয়ে বৃষ্টির পরিমাণ ৪৪ মিলিমিটার। দিঘায় ২২.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ব্যারাকপুরে ৪২, পানাগড়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট জারি থাকবে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার থেকে আগামী তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। গড় তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ।