Advertisement
E-Paper

ব্লু লাইনে রবিবার দীর্ঘক্ষণ ভাঙাপথে চলবে মেট্রো! শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পরিষেবা বন্ধ থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১ নভেম্বর, রবিবার ব্লু লাইনে নেতাজি এবং মহানায়ক উত্তমকুমারের (টালিগঞ্জ) মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ২০:২৮
Metro services on the Blue Line from Shahid Khudiram to Maidan will remain suspended on Sunday, November 1

রবিবার ব্লু লাইনে সন্ধ্যা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। —ফাইল চিত্র।

আরও এক রবিবার ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মেট্রো পরিষেবা ব্যাহত থাকবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানাল কলকাতা মেট্রো। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত— ন’ঘণ্টা ব্লু লাইনে ভাঙাপথে পরিষেবা পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার দিনের ওই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত কোনও পরিষেবা পাওয়া যাবে না!

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১ নভেম্বর, রবিবার ব্লু লাইনে নেতাজি এবং মহানায়ক উত্তমকুমারের (টালিগঞ্জ) মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ হবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, ব্লু লাইনে টালিগঞ্জের পর ময়দানেই রেকের লাইন পরিবর্তনের ব্যবস্থা রয়েছে। তাই নেতাজি এবং টালিগঞ্জের মধ্যে মেট্রোর কাজ হওয়ায় ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে।

রবিবার ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যায় সকাল ৯টা থেকে। অর্থাৎ, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ এবং ডাউন— দুই লাইনেই পরিষেবা স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টা পর আবার ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরোপথে সূচি মেনেই পরিষেবা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো আরও জানিয়েছে, এই রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে।

গত ১৩ সেপ্টেম্বর রবিবারও একই কারণে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সে দিন ব্লু লাইনে গীতাঞ্জলি এবং কবি নজরুলের মধ্যে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ হয়। আর সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও পরিষেবা পাওয়া যায়নি। বাকি পথের পরিষেবা স্বাভাবিক ছিল।

Kolkata Metro Blue Line Metro

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy