Advertisement
E-Paper

বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় কমলা সতর্কতা জারি! সঙ্গে বজ্রপাত ও ঝড়েরও পূর্বাভাস, কী হবে কলকাতায়

উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেরও বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে ছ’টি জেলায়। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝড়ের দাপট।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। ছবি: পিটিআই।

নিম্নচাপ অঞ্চল এখনও সক্রিয়। সঙ্গে চালিয়ে খেলছে বর্ষার অক্ষরেখা। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেরও বিস্তীর্ণ এলাকায় চলতি সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে ছ’টি জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের দাপটও থাকতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তার পর তা পূর্ব দিকে গিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। এ ছাড়াও গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা উত্তরপ্রদেশের নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়েই গিয়েছে। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে।

মঙ্গলবার ছ’টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে— পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। এ ছাড়া, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। ওই দিন আলাদা করে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় এখনও পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে যে কোনও জেলায়।

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে কেবল সোমবার সেই সতর্কতা রয়েছে। মালদহে বুধবার বৃষ্টি বাড়তে পারে। বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Weather Alert Weather Today Weather Forecast Bengal weather today Kolkata Weather West Bengal Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy