Advertisement
E-Paper

ঢাকুরিয়ার পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের! জলে ডুব দেওয়াতেই কি বিপত্তি?

ক্লাবের প্রশিক্ষক, সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মৃতের পরিবারের তরফে শুক্রবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রবীন্দ্র সরোবরের এক সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল স্কুলছাত্র। রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে তার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরিপ ঘোষ (১৬)। ডন বসকো স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। সরিপের বাড়ি ঢাকুরিয়ায়।

শুক্রবার বিকেলে সরিপ রবীন্দ্র সরোবর থানা এলাকার লেক ফ্রেন্ডস ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়েছিল। বিকেল ৪.৫০ নাগাদ সাঁতার কাটতে পুলে নেমেছিল সে। অন‍্যেরা পুল থেকে উঠে আসার পরেও সরিপ ওঠেনি বলে জানা গিয়েছে। কিছু ক্ষণের মধ্যে বিষয়টি প্রশিক্ষকের নজরে আসে। তাকে অচৈতন্য অবস্থায় পুলে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় প্রশিক্ষক থাকা সত্ত্বেও ওই ছাত্র কী ভাবে তলিয়ে গেল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাতেই ক্লাবের প্রশিক্ষক, সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মৃতের পরিবারের তরফে শুক্রবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রায় তিন বছর ধরে ওই ক্লাবের সদস্য ছিল সরিপ এবং সে সাঁতার জানত। শুক্রবার পুলে নেমে ডুবসাঁতার কাটছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও ওই ক্লাবের তরফে জানানো হয়েছে, সেখানে ডুবসাঁতার শেখানো হয় না।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy