নিজেই পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, তিনি মানসিক অবসাদে ভুগছেন। তাই আত্মহত্যার চেষ্টা করছেন। ১০০ নম্বরে ফোন পেয়ে এক যুবককে আত্মঘাতী হওয়ার আগে বাঁচাল পুলিশ। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পরে বেলগাছিয়ার ওই বাসিন্দাকে তাঁর পরিবারের হাতে তুলে দেয় নাদিয়াল থানা
শুক্রবার দুপুরে কলকাতা পুলিশের ১০০ নম্বরে ফোন করেন বেলগাছিয়ার এক বাসিন্দা। পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন এবং গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে আত্মহত্যা করার চেষ্টা করছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সেখান থেকে ওই ব্যক্তিকে খুঁজে বার করে ও নিরাপদে উদ্ধার করে পুলিশ। এর পর দ্রুত ওই হাসপাতালেই তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করানো হয়। প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালের কর্তব্যরত ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ওই যুবককে শারীরিক ভাবে সুস্থ বলে ঘোষণা করেন। পরে ওই যুবককে সুরক্ষার জন্য নাদিয়াল থানায় নিয়ে আসে পুলিশ।
আরও পড়ুন:
উদ্ধার হওয়া ব্যক্তির আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা নাদিয়াল থানায় আসেন। তাঁরা আশ্বাস দেন যে ওই যুবকের ঠিক মতো যত্ন ও চিকিৎসা করবেন। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় যুবককে।