মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে বৃহস্পতিবার খড়্গপুর আইআইটিতে এসে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল।
আইআইটি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নালন্দা কমপ্লেক্সে গিয়েছিল চার সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। গোখোল হলের যেই রুমে অঙ্কিত থাকতেন সেখানে গিয়েও দেখেন তদন্তকারীরা। সেখান থেকে বিশেষজ্ঞেরা যান হাসপাতালে। বিশেষজ্ঞদের সঙ্গে উপস্থিত ছিলেন মৃতের খুড়তুতো দাদা অরুণ মাতোলিয়া, তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। ছিলেন আইআইটির বেশ কয়েকজন আধিকারিকও।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, তদন্তের জন্য চার তলা থেকে একটি ডামি নীচে ফেলা হয়। ঠিক সেখানেই ওই ডামি ফেলা হয় যেখান থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য একটি ভাঙা মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদল বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটবে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে মৃতের দাদা অরুণ বলেন, ‘‘ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্টের উপর ভিত্তি করেই তদন্ত এগোবে।’’ তিনি জানান, মৃত্যুর পরে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। সেই বিষয়েও পুলিশের সঙ্গে কথা হয়েছে।
গত বছরের জুলাই মাসে রাজস্থান থেকে এসে অঙ্কিত ভর্তি হন আইআইটিতে। গত ১৩ অগস্ট বিকেল ৩টে নাগাদ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা, খুন না কি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।