Advertisement
E-Paper

নথি আনতে গিয়ে যৌন হেনস্থার শিকার নার্স! মারধরেরও অভিযোগ, ধৃত গড়বেতার ব্লক স্বাস্থ্য আধিকারিক

এর আগেও বেশ কয়েক বার ওই নার্সকে অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক নার্সকে যৌন হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল বিএমওএইচ (ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ)-এর বিরুদ্ধে। অভিযোগ, তাঁর প্রেমের প্রস্তাবে সাড়া দেননি বলে ওই হেনস্থা। নার্সের অভিযোগ পেয়ে স্বাস্থ্য দফতরের ওই আধিকারিক প্রবীরকুমার বাউড়িকে গ্রেফতার করেছে গড়বেতা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বেশ কিছু প্রয়োজনীয় নথি আনতে বিএমওএইচের অফিসে গিয়েছিলেন গড়বেতার একটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এক নার্স। অভিযোগ, নথিপত্র দেওয়ার সময় বিএমওএইচ প্রথমে তাঁকে প্রেমের প্রস্তাব দেন এবং পরে যৌনহেনস্থা করেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে মারধর করেন অভিযুক্ত। গড়বেতায় চিকিৎসা করান ওই নার্স।

অভিযোগকারিণীর সূত্রে জানা গিয়েছে, প্রথমে তিনি থানায় লিখিত অভিযোগ জানাতে দ্বিধা করছিলেন। পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। ওই চিকিৎসক পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। গড়বেতা থানার পুলিশের তরফে বেশ কয়েকটি দল তৈরি করে শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এর আগেও বেশ কয়েক বার ওই নার্সকে অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। সোমবার গড়বেতা আদালতে হাজির করানো হয়েছে ধৃতকে।

গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরেঙ্গী। তিনি বলেন, ‘‘এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। সেই সময়ও স্বাস্থ্য দফতর ব্যবস্থা নিয়েছিল।’’

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy