Advertisement
E-Paper

দিঘার সমুদ্রে তলিয়ে গেল ১৪ বছরের কিশোরী! নিম্নচাপের নিষেধাজ্ঞা উড়িয়ে স্নান করতে নেমেছিল? চলছে তল্লাশি

উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে গিয়েছিল ওই কিশোরী। গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্রে নিষেধাজ্ঞা ছিল। তার মধ্যেই দুর্ঘটনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৩
(বাঁ দিকে) কিশোরীর পরিবারের হাহাকার। দিঘার সমুদ্রে তল্লাশি চলছে (ডান দিকে)।

(বাঁ দিকে) কিশোরীর পরিবারের হাহাকার। দিঘার সমুদ্রে তল্লাশি চলছে (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল সমুদ্র। এর মধ্যে দিঘায় দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেল এক কিশোরী। ১৪ বছরের ওই কিশোরী উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে গিয়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও সে সমুদ্রে স্নান করতে নেমেছিল বলে অভিযোগ। তার সন্ধানে দুপুর থেকে স্পিডবোট নামিয়ে তল্লাশি চালিয়েছে প্রশাসন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তল্লাশি অভিযান বার বার ব্যাহত হচ্ছে। এখনও কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

সূত্রের খবর, নিখোঁজ নাবালিকার নাম কাশ্মীরা খাতুন। বাবা, মা এবং দিদির সঙ্গে সে দিঘায় ঘুরতে গিয়েছিল। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্র উত্তাল ছিল। প্রশাসনের তরফে সমুদ্রসৈকতে কড়া নজরদারি চালানো হয়েছে। সকাল থেকে চলছিল মাইকপ্রচার। অভিযোগ, বেলা ২টোর পর পুলিশের চোখ এড়িয়ে দিঘা হাসপাতালের সামনে একটি সৈকতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। ওই এলাকা তুলনামূলক নির্জন। পর্যটকের সংখ্যা সেখানে বেশ কম। ফলে নজরদারিও সেখানে কিছুটা শিথিল ছিল বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় সমুদ্রে ঢেউ সাময়িক ভাবে কমেছিল। পরিবারের সদস্যদের চোখের সামনেই দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে কী ভাবে ওই পরিবার নির্জন সমুদ্রতটে পৌঁছে গেল, প্রশ্ন উঠেছে।

গভীর নিম্নচাপ বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তা আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারাতে পারে। এর প্রভাবে অন্ধ্র ও ওড়িশা উপকূলে ঝড়ের তাণ্ডব চলেছে। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকতে পারে শুক্রবার পর্যন্ত। তাই ওই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কিছু দিন আগে মন্দারমণিতে স্নান করতে নেমে নিখোঁজ হন নদিয়ার একই পরিবারের তিন জন। তাঁদের মধ্যে এক শিশুও ছিল। দু’জনের দেহ পরে উদ্ধার করা হয়েছে। এক জন এখনও নিখোঁজ। তার মধ্যেই অনুরূপ ঘটনা দিঘায়।

digha Bay Of Bengal Deep Depression Sea Wave

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy