আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়ে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন খড়্গপুর আইআইটির আর্কিটেকচার রিজিওনাল প্ল্যানিং (স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা) বিষয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র শ্যাম সন্তোষ অগ্রবাল (২৪)। সোমবার জানা যায়, তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আইআইটি সূত্রে খবর, মৃতদেহ ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে পড়তে এসেছিলেন শ্যাম। থাকতেন লালবাহাদুর শাস্ত্রী ভবনে। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে প্রায় আট মাসব্যাপী (মে-ডিসেম্বর) আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শ্যামের অ্যাকাডেমিক সুপার ভাইজ়ারের রিপোর্ট অনুযায়ী, গত ৩০ অগস্ট এক দুর্ঘটনার শিকার হন ওই মেধাবী ছাত্র। এর পরে তাঁকে হিরোশিমা শহরেরই একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় শ্যামের।
শ্যাম সন্তোষ অগ্রবাল।
আরও পড়ুন:
শ্যামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইআইটির অধ্যাপক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে সমবেদনা জানানো হয়েছে মৃতের পরিবার, সহপাঠী ও পরিজনের প্রতি। ছাত্রের মৃত্যু প্রসঙ্গে খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘‘বেদনাদায়ক সংবাদ। আজ সকালেই ওখানকার অধ্যাপকের মাধ্যমে খবর পেয়েছি। বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছে। মৃতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন।’’