Advertisement
E-Paper

মোরগ লড়াই দেখতে যাওয়া নিয়ে বচসা, দিদির ননদকে বাটাম দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ! সবংয়ে আটক অভিযুক্ত প্রেমিক

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কল্পনার স্বামী বাবলু সিংহের বেশ কয়েক বছর আগে মৃত্যু হয়। তার পর থেকে ওই মহিলা বাপের বাড়িতে থাকতেন। গোবিন্দ গত তিন বছর ধরে ওই বাড়িতে থাকছিলেন। তাঁদের আত্মীয়তার সম্পর্ক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১১:১৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মোরগ লড়াই দেখতে যাওয়া নিয়ে বচসা যুগলের। সেখান থেকে মারামারি। প্রেমিকের মারে মৃত্যু হল প্রেমিকার। পশ্চিম মেদিনীপুরের সবং থানার পানিথর গ্রামের ঘটনা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মৃতার নাম কল্পনা কোরা সিংহ। বয়স ৪৫ বছর। অভিযোগ, তাঁকে কাঠের বাটাম দিয়ে মেরেছিলেন প্রেমিক গোবিন্দ সিংহ। ডেবরার পাঁচগেড়িয়া এলাকার বাসিন্দা ওই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কল্পনার স্বামী বাবলু সিংহ বেশ কয়েক বছর আগে মারা যান। তার পর থেকে ওই মহিলা বাপের বাড়িতে থাকতেন। গোবিন্দও গত তিন বছর ধরে কল্পনাদের বাড়িতে থাকছিলেন। তাঁদের আত্মীয়তার সম্পর্ক। কল্পনার দাদা এবং গোবিন্দর দিদি স্বামী-স্ত্রী। একই বাড়িতে দীর্ঘদিন বসবাসের সুবাদে ওই দুই যুবক-যুবতীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে দাবি প্রতিবেশীদের।

সোমবার বিকেলে স্থানীয় একটি জায়গায় মোরগ লড়াই দেখতে গিয়েছিলেন গোবিন্দ। বাড়ি ফেরেন মত্ত অবস্থায়। সেই সময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন কল্পনা। গোবিন্দের মোরগ লড়াই দেখতে যাওয়া নিয়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বচসা চরমে ওঠে। তখন হাতের কাছে থাকা কাঠের বাটাম দিয়ে গোবিন্দ কল্পনাকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। কয়েক জন স্থানীয় বাসিন্দা ছুটে গিয়েছিলেন। তাঁরাই পুলিশে খবর দেন। রক্তাক্ত অবস্থায় কল্পনাকে উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় গোবিন্দ কাঠের বাটাম দিয়ে কল্পনাকে আঘাত করার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামান্য বচসা থেকেই এই মৃত্যুর ঘটনা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sabang Murder Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy