প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার রবীন্দ্র সদনে ‘কেশরী হত্যা’ নাটকে দেখা গেল তাঁকে।
রঙ্গ অপেরার পরিচালনায় এই নাটকে ফুটে উঠেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। রয়েছে জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ ও জন সংঘ প্রতিষ্ঠার ইতিহাসও। শ্যামাপ্রসাদ ও অটলের রাজনৈতিক সখ্যের কথাও ফুটে উঠেছে এই নাটকে। সেখানেই অটলের ভূমিকায় মঞ্চে অভিনয় করেন সুকান্ত। কথকের ভূমিকায় দেখা গিয়েছে সুকান্ত (অটল)-কে।
সুকান্ত বলেন, ‘‘অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। সকল বাঙালির মনেই সুপ্ত বাসনা থাকে অভিনয় করার। তাই রাজিও হয়েছিলাম।’’ মন্ত্রীর জানিয়েছেন, কাজের ফাঁকেই চলেছে মহড়া। এমনকি অন্য রাজ্য থেকে ফিরেও মহড়ায় অংশ নিয়েছেন তিনি।
আয়োজকেদের তরফে জানানো হয়েছে, শ্যামাপ্রসাদকে নিয়ে নাটক আগেও হয়েছে। ওই সব নাটকে গুরুত্বপূর্ণ ঘটনার আংশিক উপস্থাপনা থাকলেও জম্মু-কাশ্মীরের জন্য তাঁর আন্দোলন, ওই সময়ে সংঘ ও ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা এবং মৃত্যু রহস্যের পূর্ণাঙ্গ উপস্থাপন হয়নি। তবে এ বারে তা হল।
আরও পড়ুন:
রবিবার মন্ত্রী বলেন, ‘‘নাটক কেমন হচ্ছে তা বলে দিচ্ছে দর্শকদের হাততালিই।’’ সুকান্তের আশা, ‘কেশরী হত্যা’ নাটক আরও বেশি করে মঞ্চস্থ হবে। ছড়িয়ে পড়বে জেলায় জেলায়।
প্রসঙ্গত, রাজনৈতিক চেনা ছক থেকে বেরিয়ে এসে ২০২৪ সালের ডিসেম্বরে ফ্যাশন শোয়ের র্যাম্পে মডেলের ভূমিকায় দেখা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে। তার প্রায় দু’ বছর পরে তাঁকে দেখা গেল অভিনেতার ভূমিকায়।