Advertisement
E-Paper

ফরাক্কায় যুবককের নলি কেটে খুনের অভিযোগ ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে, সমকামী সম্পর্কে টানাপড়েন?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমানাবর্তী ইমামনগর গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় গত শুক্রবার সকালে নাসিম শেখ নামের এক ব্যক্তির ধানের জমি থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলার নলি কেটে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

— প্রতীকী চিত্র।

যুবককে নলি কেটে খুনের অভিযোগ উঠল তাঁরই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। জানা গিয়েছে, সমকামী সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন ওই যুবক। আর সেখান থেকেই অশান্তির সূত্রপাত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমানাবর্তী ইমামনগর গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় গত শুক্রবার সকালে নাসিম শেখ নামের এক ব্যক্তির ধানের জমি থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলার নলি কেটে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দেহের পাশে পড়েছিল মদের বোতল। মৃত যুবকের নাম মোবারক শেখ (২২)। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। মোবারক দিন কয়েক আগেই কাজ থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খুঁজতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

মৃতের মোবাইল ফোনের কললিস্ট এবং খোশালপুরের একটি মদের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নাসিরুদ্দিন শেখ ওরফে মিস্টার (৩২) নামের এক যুবককে চিহ্নিত করে এবং শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে।

পুলিশি তদন্ত ও জেরায় জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওড়িশায় কাজ করতে গিয়ে মোবারকের সঙ্গে পরিচয় হয়েছিল ধৃত নাসিরুদ্দিনের। কাজের সূত্রে দু’জনের মধ্যে প্রথমে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা সমকামী সম্পর্কে রূপ নেয়। তবে বেশ কিছু দিন ধরে এই সমকামী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন মোবারক। আর তা নিয়েই নাসিরুদ্দিনের সঙ্গে বচসা শুরু হয়। সম্প্রতি মোবারক গ্রামে ফিরেছেন জানতে পেরে গত বৃহস্পতিবার নাসিরুদ্দিন তাঁর সঙ্গে নতুন করে যোগাযোগ করেন। অভিযোগ, ততক্ষণে মোবারককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছকে ফেলেছিলেন নাসিরুদ্দিন।

পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার রাতে খোশালপুরের একটি দোকান থেকে মদ কিনে ঝাড়খণ্ড সীমান্তবর্তী আমতলার নির্জন ধান ক্ষেতে দু’জনে মদ্যপান করতে বসেন। অভিযোগ, মদের নেশা চড়তেই মোবারকের জামা খুলে তাঁর দু’টি হাত শক্ত করে বেঁধে ফেলেন নাসিরুদ্দিন। এর পর ধারালো অস্ত্র বের করে মোবারকের গলার নলি কেটে তাঁকে খুন করে এলাকা ছেড়ে চম্পট দেন তিনি। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত নাসিরুদ্দিন নিজের অপরাধের কথা স্বীকার করেছে।

ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস জানান, ফরাক্কার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

Murder Case police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy