মায়ের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার ভোরে তাঁর মৃতদেহ আনতে বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে বেরিয়েছিলেন ছেলে। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ছেলেরও। মুর্শিদাবাদের সমশেরগঞ্জের নিমতিতা এলাকার ঘটনা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন নিমতিতার শেরপুর এলাকার বাসিন্দা সালিমা বিবি (৬০)। পরিবারের সদস্যেরা তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। ওই দিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালিমার। ভোরে মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য জঙ্গিপুর হাসপাতালের উদ্দেশে রওনা দেন ছেলে আহসান আলি (৩০)। নিমতিতা স্টেশনে পৌঁছে ট্রেনে ওঠার সময়ে পা পিছলে ট্রেনের নীচে পড়ে যান তিনি। গুরুতর জখম হন আহসান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, আহসানের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।