Advertisement
E-Paper

ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড থেকে নানা নথি মিলল তৃণমূলের পার্টি অফিসে! তদন্তের দাবি জানাল বিজেপি

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, প্রচুর ডিজিটাল রেশন এবং ভোটার কার্ড-সহ সরকারি নথি মিলেছে নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস থেকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৫:৫৫
উদ্ধার হওয়া নথিপত্র।

উদ্ধার হওয়া নথিপত্র। —নিজস্ব চিত্র।

বন্ধ হয়ে পড়েছিল তৃণমূল কার্যালয়। সোমবার সেই কার্যালয় থেকে মিলল বিপুল সংখ্যক ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড থেকে নানা সরকারি নথি। নদিয়ার নবদ্বীপ এলাকার ঘটনা। এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ঠিক কী কারণে ব্যক্তিগত পরিচয়পত্র এবং সরকারি নথি রাজনৈতিক দলের কার্যালয়ে রাখা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, প্রচুর ডিজিটাল রেশন এবং ভোটার কার্ড-সহ সরকারি নথি মিলেছে নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস থেকে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে ওই কার্যালয় বন্ধ ছিল। বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ-সভাপতি তন্ময় কুন্ডুর কথায়, ‘‘নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে ওদের কার্যালয় বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য ৭ নম্বর ওয়ার্ডে অস্থায়ী শিবির পরিচালনা করছিল বিজেপি।’’

ওই বিজেপি নেতার দাবি, ওই কাজের জন্য তৃণমূলের কয়েক জন নেতাই তাঁদের কার্যালয় ব্যবহার করতে বলেন। সে জন্য পার্টি অফিসের চাবি দিয়ে দেওয়া হয়েছিল তাঁদের। তন্ময় বলেন, ‘‘ওই কার্যালয় খুলে দেখা যায়, একটি ঘরে আলমারি খোলা অবস্থায় রয়েছে। কম্পিউটার রাখার জায়গা ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র-সহ বিভিন্ন সরকারি নথি।’’

এখন বিজেপির দাবি, সাধারণ মানুষের সরকারি নথি দলীয় কার্যালয়ে রাখার ফলে বাসিন্দারা সরকারি পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে পারেন। খবর পেয়ে ওই কার্ড এবং নথিগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TMC Party Office TMC BJP Nadia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy