খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। তার জেরে বুধবার সকাল থেকে হুলস্থুল পড়ে গেল কোচবিহারের বানেশ্বরে। দিনভর চেষ্টার পর বিকেলে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে বাইসনটিকে কাবু করেন বনকর্মীরা। শেষে স্বাস্থ্যপরীক্ষার পরে সেটিকে ছেড়ে দেওয়া হয় সংলগ্ন পাতলাখাওয়া জঙ্গলে।
জঙ্গল থেকে যে লোকালয়ে বাইসন ঢুকে এসেছে, তা মঙ্গলবার রাতেই লোকমুখে ছড়িয়ে পড়ে কোচবিহার-২ ব্লকের বানেশ্বরের সোনারি এলাকায়। এর পরে বুধবার সকালে বাইসনটিকে এলাকায় ঘুরতে দেখেন এলাকাবাসীরা। চাষের জমিতেও ঘোরাঘুরি করতে থাকে সেটি। ফসল নষ্টের আশঙ্কায় গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন বন দফতরে। বনকর্মীদের একটি দল এবং বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামে পৌঁছোয়। দীর্ঘ ক্ষণ ধরে চেষ্টার পরে অবশেষে বুধবার বিকেলে ঘুমপাড়ানি ওষুধের সাহায্যে বাইসনটিকে কাবু করেন বনকর্মীরা। তার পরে সেটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বন দফতর সূত্রে খবর, সেটি সুস্থই রয়েছে। শেষে বাইসনটিকে লোকালয় থেকে সরিয়ে পাতলাখাওয়া জঙ্গলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
বন দফতরের অনুমান, খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল বাইসনটি। বনকর্মীদের তৎপরতায় বাইসনটি উদ্ধার করে জঙ্গলে ফেরত পাঠানোয় স্বস্তি ফিরেছে এলাকায়। তবে লোকালয়ে বন্যপ্রাণীর এ ভাবে চলে আসায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দাদের একাংশ।