কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে সংশোধনী বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। একই ভাবে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের জন্য আগামী ১২ অগস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। সেখানে সংশোধনী বিল পেশ করবে সরকার।
মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পরই তিনি ঘোষণা করেছিলেন যে, কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সম্পন্ন করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দুই পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই সরকার দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। সংশোধনী বিল পাস হলে ওয়ার্ড পুনর্বিন্যাসের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার পথ আরও সুগম হবে বলে প্রশাসনের দাবি। তবে সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে খসড়া তালিকা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া গণতান্ত্রিক রীতি। কিন্তু কলকাতা ও হাওড়া পুরসভার ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে বিরোধীদের দাবি। তাদের অভিযোগ, সব পক্ষের মতামত না শুনেই সরকার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে।
আরও পড়ুন:
এই বিতর্কের মধ্যেই বুধবার কলকাতা পুরসভার কমিশনার তথা বর্তমান প্রশাসক স্মিতা পাণ্ডের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। ফলে বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পাসের পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক চাপানউতর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।