তোলাবাজি এবং প্রতারণার অভিযোগে দমদমের প্রাক্তন উপপুরপ্রধান (ভাইস চেয়ারম্যান) বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকে। দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস। শুক্রবার ধৃত তিন জনকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দমদম থানায় তোলাবাজি ও প্রতারণার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন প্রোমোটার সুজয় মজুমদার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তার পর বরুণ নট্ট-সহ ওই তিন জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, তদন্তের স্বার্থে ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানানো হবে। তোলাবাজির সঙ্গে বরুণেরা সরাসরি যুক্ত কি না, এই ঘটনায় আর কে কে যুক্ত, প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকলে তা কী ভাবে হয়েছে— এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চায় পুলিশ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হয়ে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন ওই প্রোমোটার। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর দু’দিনের মধ্যেই গ্রেফতার করা হল দমদমের প্রাক্তন উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ-সহ মোট তিন জনকে।