কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, দুর্গাপুজোর সময়ে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বইয়ের স্টল বসাতে পারবে সিপিএম। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। ষষ্ঠীর সকালে জরুরি ভিত্তিতে মামলার শুনানি।
সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, সিপিএমের বইয়ের স্টলের জন্য সংশ্লিষ্ট পুলিশ সুপার ও থানার আইসিকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। বলা হয়েছিল, যেখানে সিপিএম চাইবে তার ১০০ মিটারের মধ্যে স্টল তৈরি করতে দিতে হবে। ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় নিরাপত্তারও। আদালতের নির্দেশমতো স্টল হল কি না, তা জানতে চেয়ে পুলিশ সুপারের রিপোর্টও তলব করেন বিচারপতি। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর। তবে বিচারপতির সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানানো হয়।
আরও পড়ুন:
আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে রাজ্যের আবেদন মঞ্জুর করেছেন। ষষ্ঠীর দিন, ১৬ অক্টোবর সকাল ১১টা ১৫ নাগাদ তাঁর বেঞ্চেই হবে ওই মামলার শুনানি।
প্রসঙ্গত, রাজ্যের দাবি এই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ শুনতে পারেন না। কারণ রস্টার অনুযায়ী তাঁর বেঞ্চে শোনা হয় পুলিশি নিষ্ক্রিয়তা বা অতিসক্রিয়তা বিষয়ক মামলা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিতনাথ মিত্রের দাবি, সংশ্লিষ্ট মামলার সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার কোনও যোগ নেই।