সপ্তাহভর রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। তার পরে ঝড়বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পেতে পারে উত্তরে। কোথাও ভারী, কোথাও অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে বেশি বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে শহরে আপাতত ভারী বৃষ্টির উদ্বেগ নেই।
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্রপাতও। কোথাও কোথাও ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার বেশি বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় দুই জেলায়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করতে পারে। কমতে পারে ঝড়বৃষ্টি। তবে উত্তরের জেলাগুলিতে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে মঙ্গল এবং বুধবার ঝড়বৃষ্টি চলার পরে দু’দিনের জন্য তা কিছুটা কমতে পারে। তার পর সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
মঙ্গলবার একেবারে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতি এবং শুক্রবার আকাশ কিছু পরিষ্কার থাকতে পারে। তবে শনিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার একেবারে উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। রবি এবং সোমবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ওই দু’দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির দাপট থাকবে অন্য জেলাগুলিতেও।