Advertisement
E-Paper

রায়গঞ্জে এমস তৈরির প্রস্তাব কেন্দ্রকে পাঠিয়ে দিল নবান্ন, শুভেন্দুর ঘোষণার পরেই চিঠি, চিহ্নিত ১৮০ একর জমি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উত্তরবঙ্গে এমস তৈরির প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। জানিয়েছেন, রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি সরকার চিহ্নিত করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২১:১৭
উত্তরবঙ্গে এমস স্থাপনের প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

উত্তরবঙ্গে এমস স্থাপনের প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমস হাসপাতাল তৈরি করা হবে, ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জেতার পর সেই প্রতিশ্রুতি পূরণ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের জনসভা থেকে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই সেখানে এমস গড়ে তোলার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে। সেই মতো রাতেই নবান্ন থেকে প্রস্তাব গেল দিল্লিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে উত্তরবঙ্গে এমস তৈরির প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল। জানিয়েছেন, রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি সরকার চিহ্নিত করেছে। কেন্দ্রকে তার বিবরণ দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, ‘‘উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রায়গঞ্জে একটি এমস স্থাপনের প্রস্তাব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রায়গঞ্জে এই প্রতিষ্ঠান গড়ে উঠলে তা সমগ্র উত্তরবঙ্গ, পার্শ্ববর্তী উত্তর বিহার এবং উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী হবে। উন্নত পরিষেবা পেতে রোগীকে বা তাঁর পরিজনকে আর দূরে যেতে হবে না। চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষমতাও এর ফলে বাড়বে।’’

মুখ্যসচিব জানিয়েছেন, এমসের জন্য চিহ্নিত জমি পরিদর্শন এবং প্রস্তুতিমূলক যে কোনও পদক্ষেপে কেন্দ্রের সহায়তা করবে রাজ্য। উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিষেবার সহজলভ্যতা বৃদ্ধি করতে এই প্রস্তাব অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। এর আগে রায়গঞ্জের জনসভা থেকেই এমস তৈরির কথা ঘোষণা করেন শুভেন্দু। পাশাপাশি, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল গড়ে তোলার কথা জানান। বলেন, ‘‘সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এমস তৈরি করার প্রস্তাব আমরা ভারত সরকারের কাছে পাঠাব। জলপাইগুড়িকেও নিরাশ করব না। শুভেন্দুর সরকার আপনাদের সঙ্গে আছে। জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল হবে, এখান থেকে সেই ঘোষণা করলাম।’’ এ ছাড়া, উত্তর দিনাজপুরে গিয়ে শুভেন্দু মোট ৩০টি কর্মসূচির উদ্বোধন এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করেছেন বলে জানিয়েছেন।

আগামী দিনে উত্তর দিনাজপুরের স্বাস্থ্য পরিকাঠামো আমূল বদলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শুভেন্দুর কথায়, ‘‘হাসপাতালগুলির চেহারা বদলে দেব। স্মার্ট স্কুল তৈরি হবে। ইতিমধ্যে দমকলের ছ’টি গাড়ি এসে গিয়েছে। ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স আনার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে।’’

AIIMS North Bengal Suvendu Adhikari BJP Nabanna Manoj Agarwal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy