সস্তায় তাইল্যান্ড ভ্রমণের প্রলোভনে পড়ে পাটায়ায় অপহৃত হলেন তিন ভারতীয় যুবক। আর অপহরণকারী চক্রের সন্ধানে নেমে অভিনব ভারত-পাকিস্তান জোটের সন্ধান পেল ব্যাংকক পুলিশ।
প্রকাশিত খবরে দাবি, ভারতীয় মোহিত (২৩), আশিস (২৪) এবং হিমাংশু (২০) জনপ্রতি প্রায় ৭০ হাজার বাথ (প্রায় ২ লক্ষ টাকা) খরচ করে ট্যুর প্যাকেজ বুক করেছিলেন। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছোনোর পরে তাঁরা একটি ট্যাক্সি নিয়ে পাটায়ার কাছে সুখুম্ভিত হাইওয়ের এক রেস্তরাঁয় অপেক্ষা করছিলেন। অভিযোগ, সেখান থেকে এক ভারতীয় বাইকে করে তাঁদের একে একে একটি ভাড়া বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছোনোমাত্রই পাঁচ অপহরণকারী মিলে তিন ভারতীয় পর্যটককে বন্দি করেন। এর পরে তাঁদের পরিবারের জন্য ৭০ লক্ষ টাকা (প্রায় ২৪ লক্ষ বাথ) মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
আরও পড়ুন:
অপহৃতদের পরিবারের তরফে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাইল্যান্ড সরকারকে বিষয়টি জানানো হলে ‘মোবাইল ট্র্যাকিং’-এর সাহায্য নিয়ে গত ২৭ জুলাই পাটায়ার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পালিয়ে গেলেও পরে ব্যাংককের খ্লং তান এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় পাঁচ জন অপহরণকারী— অবতার সিংহ, জগজিৎ সিংহ, রামবলাক কুমার, সুখবীর সিংহ এবং কুলরা সিংহকে। তাইল্যান্ড পুলিশের কাছে মোহিত, আশিস এবং হিমাংশু জানিয়েছেন, প্রায় এক সপ্তাহের বন্দিদশায় অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা। জেরার মুখে ধৃতেরা জানিয়েছেন, পাকিস্তান থেকে পরিচালিত হয় ওই আন্তর্জাতিক অপহরণচক্রটি!