ইরানের বিরুদ্ধে হামলার কৌশল বদলাতে সেনাদের বার্তা দেওয়া হল। গত ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে আমেরিকা এবং ইজ়রায়েল। হামলা এবং পাল্টা হামলা চলছেই। কিন্তু ইরানকে দমাতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। তাই এ বার হামলার কৌশল বদলানোর নির্দেশ দিল ট্রাম্পের সেনা। নতুন কোনও উপায়ে হামলার পথ খুঁজতে সেনাদের এই বার্তা।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক শীর্ষকর্তা সামরিক বিশ্লেষকদের একটি ইমেল পাঠিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সৃজনশীল ও অপ্রচলিত কৌশলের প্রস্তাব চান। যত দ্রুত সম্ভব সেই উপায় খুঁজে বার করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে— এমনটা বলা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের এক সূত্রের দাবি, ইরানের বিরুদ্ধে রণকৌশল যে বদলানোর প্রয়োজন সেই বিষয়টি স্বীকার করেছে সেন্টকমও।
আরও পড়ুন:
ওই প্রতিবেদন অনুযায়ী, সেন্টকম-এর মুখপাত্র ক্যাপ্টেন তিমোথি হকিন্স এক বিবৃতিতে জানান, ‘‘কী ভাবে হামলার ধরন বদলানো যায়, সেন্টকম এ বিষয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে। শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে এই ধরনের কৌশলের প্রয়োজন জরুরি। আর সেটাই করবে তারা।’’
ঘটনাচক্রে, গত সপ্তাহেই ইরানের বিরুদ্ধে হামলা জোরালো করার হুমকি দেন ট্রাম্প। তার পর পরই এই ইমেল। যদিও বর্তমানে সৌদি আরবের আবেদনে সাড়া দিয়ে সাময়িক ভাবে হামলা বন্ধ রেখেছে আমেরিকা। কিন্তু এই উদ্যোগে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের কৌশল পুনর্বিবেচনার ইঙ্গিত মিলছে। তবে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।