Advertisement
E-Paper

‘আমরা আক্রান্ত’! আমেরিকার বিরুদ্ধে শুল্কযুদ্ধ শুরুর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর, পাল্টা দোষারোপ ট্রাম্পের

কার্নি জানান, দুগ্ধজাত পণ্য, ইস্পাত, গৃহস্থলী সরঞ্জাম, কৃষিজ যন্ত্রপাতি, কাগজ-সহ বিভিন্ন মার্কিন পণ্যকে কানাডার বাজারে বিক্রি করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন হারে শুল্ক আদায় করবে কানাডা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৬:০৫
Prime Minister Mark Carney said we got attacked, Donald Trump also react

(বাঁ দিকে) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা-কানাডার মধ্যে আবার শুল্কযুদ্ধ শুরু। কানাডার উপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই শুল্ক-সংঘাত তীব্রতর হয়। ‘ডলারে ডলারে’ হিসাব নেওয়ার পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ বার জানালেন কবে থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক চাপাতে চলেছে কানাডা। কার্নি বুঝিয়ে দিলেন, আমেরিকা শুল্ক আরোপ করে আবার ‘যুদ্ধ’ ঘোষণা করে দিয়েছে। সেখানে চুপ থাকবে না কানাডা। সে দেশের প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আক্রমণের শিকার হলেই যুদ্ধ শুরু হয়। আমরা আক্রান্ত হয়েছি।’’

কার্নি জানান, দুগ্ধজাত পণ্য, ইস্পাত, গৃহস্থলী সরঞ্জাম, কৃষিজ যন্ত্রপাতি, কাগজ-সহ বিভিন্ন মার্কিন পণ্যকে কানাডার বাজারে বিক্রি করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন হারে শুল্ক আদায় করবে কানাডা। কার্নি আরও বলেন, ‘‘ওয়াশিংটন যদি তাদের শুল্কনীতি পাল্টাত, তবে অটোয়াও মার্কিন অ্যালুমিনিয়াম, ইস্পাত বা গাড়ির উপর চাপানো পাল্টা শুল্ক তুলে নিত। কিন্তু আমেরিকা সে পথে হাঁটেনি।’’

কানাডার সঙ্গে আমেরিকার বাণিজ্যের আলোচনা ভেস্তে যাওয়ার পরই ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রীর দাবি, ট্রাম্প প্রশাসনের দেওয়া শর্তগুলি মেনে নেওয়া সম্ভব ছিল না। তাদের দেওয়া প্রস্তাব কখনই গ্রহণ করতে পারে না অটোয়া। তারা যা চাইছিল, তা দেওয়া যেত না। কার্নির কথায়, ‘‘আমরা কখনওই কানাডার সার্বভৌমত্বের সঙ্গে আপস করতে পারব না। আমেরিকার প্রস্তাব গ্রহণ করলে আমাদের প্রধান শিল্পগুলি দুর্বল হয়ে পড়ত।’’ তাঁর সংযোজন, ‘‘আলোচনার শুরু থেকেই আমরা বুঝতে পেরেছিলাম আমেরিকা কী চাইছে। ওরা পুরো পাল্টে গিয়েছে। এই অবস্থায় আমেরিকার সঙ্গে পুরনো সম্পর্কে ফিরে যাওয়া এখনই সম্ভব নয়।’’

কানাডার বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন ট্রাম্পও। আলোচনা ভেস্তে যাওয়ায় কানাডাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, কানাডা স্বাধীন। কিন্তু তারা আমেরিকার প্রদেশের মতো সুবিধা আদায়ের চেষ্টা করছে। মার্কিন কৃষকদের উপর উচ্চহারে শুল্ক আরোপের অভিযোগে কানাডাকে অভিযুক্তও করেছেন ট্রাম্প।

গত কয়েক মাস ধরে আমেরিকা এবং কানাডা বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চালাচ্ছে। কিন্তু সমঝোতায় পৌঁছোতে পারেনি কোনও পক্ষ। ট্রাম্প আগেই কানাডার বিরুদ্ধে চড়া হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। বলা হয়েছিল, ২২ অগস্ট থেকে কানাডার ২০০০ কোটি ডলার মূল্যের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসবে। পরে আলোচনা চলছিল বলে তা পিছিয়ে দেওয়া হয়। শনিবার থেকে সেই শুল্কহার কার্যকর করা হয়েছে, জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস।

Tariff War US Tariff War Donald Trump Mark Carney

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy