পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার ভোরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তাঁকে ফের ফিরিয়ে আনা হল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে!
পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘‘হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ইমরানের শারীরিক পরীক্ষা করে বলেছেন, উনি পুরোপুরি সুস্থ। তাই ওঁকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে!’’ প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা-প্রধান ৭৩ বছরের ইমরান ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি। গত জানুয়ারি তাঁর ডান চোখের রেটিনায় সমস্যা (সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন) ধরা পড়ে। শ্বাসজনিত সমস্যাও রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার অসুস্থ ইমরানের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ।
আরও পড়ুন:
গত জুন মাসে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন সুনীল গাওস্কর, কপিল দেব, গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার-সহ বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারেরা। এই পরিস্থিতিতে সম্প্রতি আদিয়ালা জেলের একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরে ইমরানের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার। গত ১৮ অগস্ট বিকেলে পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করাতে হবে। পাক শীর্ষ আদালত সেই সঙ্গে জানিয়েছিল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই ইমরানের চিকিৎসা চলবে। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থাও করে দিতে হবে পাক সরকারকে। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ইমরানকে জেলে ফেরত পাঠাল পাকিস্তান সরকার।