Advertisement
E-Paper

কাদামাটির প্রবল স্রোত গিলে নিচ্ছে আস্ত ভবন! রুদ্ধশ্বাসে পালানোর চেষ্টায় বহু, নেপালে হড়পা বানের মুহূর্ত সিসিটিভিতে

নেপাল-চিন সীমান্তের তিব্বত প্রদেশের গিরং এলাকার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, চোখের নিমেষে আস্ত ভবন গিলে নিচ্ছে কাদামাটির বিধ্বংসী স্রোত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৮:২২
(বাঁ দিকে) হড়পা বানের ঠিক আগের মুহূর্ত। বান আসার মুহূর্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) হড়পা বানের ঠিক আগের মুহূর্ত। বান আসার মুহূর্ত (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে।

পাহাড়ের কোলে ঝাঁ-চকচকে ভবন। আশপাশে দোকানপাটও কম নেই। রাস্তা দিয়ে ইতিউতি চলছে গাড়ি। আচমকা বিপর্যয় নেমে এল সেখানেই! নেপাল-চিন সীমান্তে বুধবার হড়পা বানে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকের খোঁজই পাওয়া যায়নি। বানের সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কী ভাবে নদীর প্রবল স্রোত, কাদামাটির তাল এবং পাথর ছুটে এসে এক লহমায় গিলে নিয়েছে আস্ত লোকালয়কে, তা ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

নেপাল-চিন সীমান্তের তিব্বত প্রদেশের গিরং এলাকার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে আপাত শান্ত পরিবেশ আচমকা অশান্ত হয়ে উঠেছে। লোকজন রুদ্ধশ্বাসে ছোটাছুটি করছেন। চিৎকার করছেন কেউ কেউ। অনেকে আবার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে তাঁদের আতঙ্কের কোনও উৎস চোখে পড়ছে না। বিশাল ভবন থেকে শুধু ছুটে বেরিয়ে আসছে মানুষ। কিছু ক্ষণের মধ্যেই দৃশ্যটি বদলে যায়। দেখা যায়, ওই ভবনের পিছন দিক থেকে কাদামাটির প্রবল স্রোত ছুটে এসে চোখের নিমেষে সব গ্রাস করে নিল। কত জন পালাতে পারলেন, কত জন পারলেন না, তার হিসাব নেই। মাঝপথেই কাদাজলের তোড়ে ভেসে গেলেন কেউ কেউ। যা কিছু দৃশ্যমান ছিল, সবই ঢেকে গেল ঘোলা কাদামাটির রঙে।

বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসে। সে দেশের পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় ২৯১ জন বিদেশি নাগরিক-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ১৪২ জন ভারতীয় (৩৭ জন অনাবাসী-সহ) রয়েছেন। তাঁরা কৈলাস-মানস সরোবর দর্শনে যাচ্ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। উদ্ধারকাজেও নেপালি কর্তৃপক্ষের সঙ্গে হাত লাগিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রেখেছে। যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে নয়াদিল্লি।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
Nepal China Border Flash flood Natural Disaster

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy