পশ্চিম এশিয়ায় ফের হামলা চলল ভারতের পতাকাবাহী জাহাজে। সোমবার ওমান উপকূলের কাছে হামলা হয় ‘আল জুসুফি’ নামে ওই জাহাজটিতে। আক্রান্ত ওই জাহাজে ১৪ জন নাবিক ছিলেন। তাঁদের সকলেই ভারতীয়। মঙ্গলবার ভারত সরকার জানিয়েছে, হামলার জেরে মৃত্যু হয়েছে এক নাবিকের। বাকিদের নিরাপদে উদ্ধার করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করা পণ্যবাহী জাহাজগুলি ওমান উপকূল হয়েই চলাচল করে। আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ গত কয়েক মাস ধরেই অশান্ত হয়ে রয়েছে। আমেরিকা-ইরান সংঘাতের মাঝে এই জলপথ দিয়ে চলাচল করা একাধিক জাহাজে হামলা হয়েছে। তবে সেগুলি ছিল অন্য দেশের জাহাজ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে শুরুর দিকে ভারতের পতাকাবাহী জাহাজগুলি মোটের উপর নিরাপদেই হরমুজ় এবং সংলগ্ন জলপথ পেরিয়ে আসতে পারছিল। তবে গত কয়েক মাসে বার বার ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। সোমবারের হামলার পর পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগও দানা বাঁধতে শুরু করেছে।
কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সমাজমাধ্যমে জানান, গান্ধার নাহিম আজিজ নামে ওই নিহত নাবিক গুজরাতের বাসিন্দা। গোলার আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। বাকি ১৩ জন নাবিককে নিরাপদে ওই ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। মন্ত্রী জানান, নাহিমের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ওমানের কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে। বাকি নাবিকদেরও প্রয়োজনীয় সহযোগিতা করছে দূতাবাস।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত মে মাসে গোলার আঘাতে ওমান উপকূলের কাছে ডুবে যায় একটি ভারতীয় জাহাজ। ওই হামলারও নিন্দা জানিয়েছিল নয়াদিল্লি। তার পরে গত জুনেও ওমান উপকূলে ভারতীয় জাহাজের উপরে হামলা হয়েছিল।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীকে কেন্দ্র করে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। পণ্যবাহী অসামরিক জাহাজে হামলা যাতে কোনও ভাবেই কাম্য নয়, তা স্পষ্ট করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতির জন্য পশ্চিম এশিয়ার উত্তেজনাকেই দায়ী করে ভারত বিভিন্ন সময়ে বুঝিয়ে দিয়েছে, কূটনৈতিক পদ্ধতিতে সমস্যার সমাধানেরই পক্ষপাতী নয়াদিল্লি। ওই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ফেরানো যে জরুরি, তা-ও স্পষ্ট করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
সোমবারের ঘটনার পরও ফের এক বার ওই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য বলছে দিল্লি। বিদেশ মন্ত্রক মঙ্গলবার সকালে এক বিবৃতিতে লেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলা অত্যন্ত উদ্বেগজনক।” পণ্যবাহী জাহাজের হামলা অবিলম্বে বন্ধ করার জন্যও বলেছে ভারত।