Advertisement
E-Paper

ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন ক্যালিফর্নিয়ায়! দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন হামলাকারী, উদ্ধার তাঁর দেহও

পুলিশ সূত্রে খবর, ক্যালিফর্নিয়ার স্যাক্রামেন্টোয় একটি রেস্তরাঁয় কাজ করতেন শালিনী ঠাকুর। পিছু ধাওয়া করে তাঁকে খুব কাছ থেকে মাথায় গুলি করেন হামলাকারী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭
শালিনী ঠাকুর। ছবি: সংগৃহীত।

শালিনী ঠাকুর। ছবি: সংগৃহীত।

আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃতার নাম শালিনী ঠাকুর। তিনি ক্যালিফর্নিয়ার স্যাক্রামেন্টোয় একটি রেস্তরাঁয় কাজ করতেন। অভিযোগ, পিছু ধাওয়া করে তাঁকে খুব কাছ থেকে মাথায় গুলি করেন হামলাকারী। পরে তাঁর দেহও উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন হামলাকারী।

পুলিশ সূত্রে খবর, হামলাকারীর নাম রোহিত। এর আগে অ্যারিজ়োনায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। তদন্তকারী সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে শালিনীকে নানা ভাবে অনুসরণ করছিলেন রোহিত। শুধু তা-ই নয়, তাঁকে উত্ত্যক্ত করার অভিযোগও ওঠে হামলাকারীর বিরুদ্ধে। গত মঙ্গলবার কাজে যাচ্ছিলেন শালিনী। সেই সময় তাঁর পিছু ধাওয়া করেন রোহিত। রেস্তরাঁর সামনেই শালিনীকে গুলি করে খুন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি করে এসেছিলেন হামলাকারী। গুলি চলার ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। গাড়িটির তথ্য পাওয়ার পর তল্লাশি শুরু হয়। ক্যালিফর্নিয়া হাইওয়েতে হামলাকারীর গাড়ির হদিস মেলে। গাড়িটিকে ধাওয়া করে ঘিরে ফেলা হয়। চালককে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আত্মসমর্পণ করেননি হামলাকারী। বেশ কিছু ক্ষণ ধরে টানাপড়েন চলে। হামলাকারীর কাছে অস্ত্র থাকায় ড্রোনের মাধ্যমে তাঁর অবস্থান জানার চেষ্টা করে পুলিশ। তখনই তাঁকে গাড়ির ভিতরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। গাড়ির দরজা খুলতেই গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায় রোহিতকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন রোহিত।

শালিনীর মা সুদেশ কুমারী জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই তাঁর কন্যাকে উত্ত্যক্ত করেছিলেন রোহিত। শালিনীকে বিয়ে করার জন্য চাপ এবং হুমকিও দিচ্ছিলেন। কিন্তু শালিনী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

California

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy