আরও এক হামাস নেতাকে হত্যা করল ইজ়রায়েল। মঙ্গলবার ইজ়রায়েলি বায়ুসেনার হামলায় নিহত হন হামাস কমান্ডার ইজ় আল-দিন আল-বেক। তিনি গাজ়া ভূখণ্ডের উত্তর ভাগে হামাসের সশস্ত্র শাখাকে নেতৃত্ব দিচ্ছিলেন। গত কয়েক বছরে ইজ়রায়েলি হানায় হামাসের বেশ কয়েক জন শীর্ষনেতার মৃত্যু হয়েছে। এ বার সেই তালিকায় জুড়ল হামাসের সশস্ত্র শাখার অন্যতম শীর্ষ নেতা আল-বেকের নামও।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, বেক হামাস গোষ্ঠীর হামলার পরিকল্পনা এবং সশস্ত্র শাখায় নিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে ইজ়রায়েলি বাহিনীর আকাশপথে হামলায় নিহত হয়েছেন বেক। ইজ়রায়েলি এবং প্যালেস্টাইনি সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গাজ়া নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা জানান, মঙ্গলবার ভোরে গাজ়া শহরের আল-নাসর এলাকায় একটি আবাসিক ভবনে হামলা হয়। ওই হামলাতেই বেক নিহত হন। হামাস নেতার সঙ্গে আরও এক জনের মৃত্যু হয়েছে এই আবাসনে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ্যে আসেনি।
কাতার-সহ কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় ২০২৫ সালের ১৯ জানুয়ারি সংঘর্ষবিরতি চুক্তি করেছিল ইজ়রায়েল এবং হামাস। কিন্তু তার পরেও একাধিক বার গাজ়া ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে।
আরও পড়ুন:
গত সপ্তাহেই ইজ়রায়েলি বিমানহানায় নিহত হন হামাসের অর্থ বিভাগের প্রধান আবু আলওয়ান। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলি ভূখণ্ডে হামাসের হামলার জবাবে গাজ়া-অভিযান শুরু করে তেল আভিভ। তার পর থেকে গত কয়েক বছরে ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মহম্মদ দেইফ, মারওয়ান ঈশা, সালে আল-অরৌরি, হাজ়েম আওনি নইম, মহম্মদ সিনওয়ার, হাখাম মুহম্মদ ইশা আল-ইশা, মহম্মদ ওদেহ, রায়েদ সাদের মতো প্রথম সারির হামাস নেতা নিহত হয়েছেন।