Advertisement
E-Paper

‘চরম মূল্য দিতে হবে’! ফ্লাইদুবাই-এর সহ-পাইলট কারও নির্দেশে কি হামলা চালান? প্রশ্ন তুলে হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা আরও স্পষ্ট হচ্ছে। ওঁকে কেউ পাঠিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। যে বা যাঁরা তাঁকে পাঠিয়েছেন, তাঁদের চরম মূল্য দিতে হবে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৯:৫৭
Israel Prime Minister Benjamin Netanyahu warns of retaliation if flydubai co-pilot was acting on orders

ফ্লাইদুবাই বিমানের ঘটনা নিয়ে হুঁশিয়ারি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। —ফাইল চিত্র।

‘ফ্লাইদুবাই’ বিমানের ককপিটে পাইলট স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্রের কোপ মারেন সহ-পাইলট! কেন ওই পাইলট এ হেন আচরণ করলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেই আবহে আবার এই ঘটনায় মুখ খুললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারির সুরে জানান, যাঁদের নির্দেশে ওই পাইলট এ হেন কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের বড় মূল্য চোকাতে হবে!

‘ফক্স নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ফ্লাইদুবাই’ বিমানে হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, আক্রমণকারী পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে ওই পাইলট ইসলামপন্থী চরমপন্থায় দীক্ষিত হয়েছিলেন। শুধু তা-ই নয়, যাত্রী-সহ বিমানটিকে ধ্বংস করার অভিসন্ধি ছিল ওই পাইলটের।

নেতানিয়াহু বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা আরও স্পষ্ট হচ্ছে। ওঁকে কেউ পাঠিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। যে বা যাঁরা তাঁকে পাঠিয়েছেন, তাঁদের চরম মূল্য দিতে হবে।’’ এ-ও জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ওই পাইলট আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তবে এই ঘটনার নেপথ্যে বহিরাগত কোনও শক্তির হাত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। সংযুক্ত আরব আমিরশাহি ‘ফ্লাইদুবাই’ বিমানের ঘটনার তদন্ত করছে। সমান্তরাল ভাবে তদন্ত করছে ইজ়রায়েলও। ইতিমধ্যেই এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ আখ্যা দিয়েছেন অনেকেই। মুম্বইয়ে নিযুক্ত ইজ়রায়েল কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘এটি একটি সন্ত্রাসী হামলা। এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।’’

বুধবার ফ্লাইদুবাইয়ের এফজ়েড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে বিমানটি রওনা হয়। ওড়ার পর আড়াই ঘণ্টা সব ঠিকঠাকই ছিল। বিমান যখন ৩৪ হাজার ফুট উচ্চতায়, তখন ককপিটে পাইলটকে ধারালো অস্ত্র দিয়ে কোপান সহ-পাইলট। শুধু তা-ই নয়, বিমানটিকে তিনি ‘ক্র্যাশ’ করানোর চেষ্টা করেন বলেও অভিযোগ।

সহ-পাইলটের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েও বিমানের পুরো নিয়ন্ত্রণ সহকারী চালককে নিতে দেননি ভারতীয় পাইলট স্মিত। তাঁর মাথা, হাতে এবং শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিমানের এক চিকিৎসক যাত্রী মাঝ-আকাশে স্মিতের চিকিৎসা করেন। বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করার পর সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে স্থানান্তরিত করা হয়। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ছাড়াও স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

plane hijack Benjamin Netanyahu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy