আগামী ৩০ দিনের মধ্যে পূর্ব জেরুসালেমের ব্রিটিশ দূতাবাস বন্ধ করার জন্য লন্ডনকে সময়সীমা বেঁধে দিল ইজ়রায়েল। সেই সঙ্গে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ফ্রান্স এবং কানাডার দূতাবাস বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে।
কেন এমন পদক্ষেপ করল তেল আভিব? ইজ়রায়েলি বিদেশমন্ত্রী গিডিয়ন মোশে সার জানিয়েছেন, ওয়েস্টে ব্যাঙ্ক থেকে পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ওই তিনি দেশ। তারই জবাবে এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা সম্প্রতি প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের ইজ়রায়েল অধিকৃত এলাকা থেকে পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তারই জেরে ৩০ দিনের মধ্যে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা নেতানিয়াহু সরকারের।
পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়া জঙ্গিগোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে থাকলেও ওয়েস্ট ব্যাঙ্কে তাদের কোনও অস্তিত্ব নেই। প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত সরকার পরিচালনা করেন। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল।
২০০২ সালের পরে ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা পূর্ব জেরুসালেম-সহ ওয়েস্ট ব্যাঙ্কের নতুন কিছু অংশ দখল করেছিল। কিন্তু ওই দখলদারি আন্তর্জাতিক বৈধতা পায়নি। পূর্ব জেরুসালেমেই রয়েছে ব্রিটিশ কনসুলেট। সেটি পিএলও পরিচালিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত। সম্প্রতি ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপনের জন্য নেতানিয়াহু সরকার আইন সংশোধন করেছিল ইজ়রায়েলি পার্লামেন্টে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা-সহ বহু দেশ তার প্রতিবাদ করে। ইজ়রায়েলি বিদেশমন্ত্রীর অভিযোগ, তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে লন্ডন। গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকারপ নেতৃত্বাধীন সমন্বয় মিশনেও ব্রিটেনকে আর শামিল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।