Advertisement
E-Paper

নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশয়! নতুন এআই মডেল বাজারে আনার সিদ্ধান্ত বাতিল করে দিল চ্যাটজিপিটি প্রস্তুতকারক সংস্থা

জুন মাসে সরকারি ওয়েবসাইটে এআই মডেলের হানা দেওয়ার ঘটনা ঘটে। তা নিয়ে শোরগোল পড়ে। সেই আবহে ওপেনএআই-এর নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জৈন জানিয়েছেন, সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬
OpenAI has announced it will not release its latest AI model GPT-6.1 Astra due to safety concerns

ওপেনএআই তাদের নতুন মডেল প্রকাশ করছে না। —প্রতীকী চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতে সাড়া ফেলে দিয়েছিল তার পূর্বতন মডেলটি। কিন্তু ওপেনএআই তাদের নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ প্রকাশ করছে না। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা সংস্থাটি। ওপেনএআই-এর নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জৈন জানিয়েছেন, সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’!

চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে হানা দিয়েছিল ওপেনএআই-এর মডেলগুলি। সরকার বা সংস্থার কোনও অনুমোদন ছাড়াই ছিল এই বিচরণ, যা নিরাপত্তাজনিত উদ্বেগের সৃষ্টি করেছিল। শুধু অস্ট্রেলিয়া নয়, ব্রিটেনেও একই ঘটনা ঘটে। তার পরেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার নিয়ে প্রশ্ন উঠেছিল। সাচির কথায়, ‘‘আমাদের মডেল তৈরির প্রক্রিয়াটি যে নিরাপদ, আমরা অবশ্যই তা নিশ্চিত করতে চাই।’’

নতুন মডেলের কার্যপরিধি কতটা, অনুমোদন সংক্রান্ত বিষয় বা সেটি কী কী কাজ করছে— সেই সব নিয়ে ওপেনএআই-এর যে অভ্যন্তরীণ মানদণ্ড রয়েছে, তা পূরণ করতে পারেনি ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’! এমনই জানিয়েছেন সাচি। এ-ও বলেছেন, ‘‘আমরা যখন কোনও নতুন মডেল ব্যবহারকারীদের কাছে পাঠাই, তখন নিরাপত্তার ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর মানদণ্ড মেনে চলার চেষ্টা করি।’’

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতিতে রাশ টানা প্রয়োজন বলে আগেই মত প্রকাশ করেছিলেন স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিয়ো আমোদেই। তাঁদের আশঙ্কা ছিল, এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেই আশঙ্কায় প্রযুক্তিটির উন্নয়ন ধীর করার দাবি উঠেছে শিল্পখাতে। একই সঙ্গে সুরক্ষা ব্যবস্থাকে কী ভাবে আরও শক্তিশালী করে তোলা যায়, তা বিবেচনা করার জন্য গবেষকদের আহ্বান জানানো হয়েছিল।

জুন মাসে সরকারি ওয়েবসাইটে এআই মডেলের হানা দেওয়ার ঘটনা ঘটে। জুলাই মাস থেকেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টা প্রকাশ্যে আসে। মাসখানেক আগে ওপেনএআই-এর তৈরি একদল কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট, এআই পরিকাঠামো সংস্থা হাগিং ফেসকে ‘হ্যাক’ করে। খবর, তার কিছু দিন পরেই, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনআই-এর নিজের ঘরে এআই অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরির ঘটনা জানাজানি হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় দিন কয়েক আগেই জানিয়েছিলেন, ওপেনএআই-এর বট তাঁর দেশের সরকারি স্বাস্থ্য প্রকল্পের ওয়েবসাইটে ঢুকে পড়েছিল। সেই বিষয়ে এ বার ক্ষমা চাইল ওপেনএআই। তারা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ওপেনএআই একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। তারা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবে।

OpenAI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy