Advertisement
E-Paper

তিন বছরে প্রায় সাড়ে তিন গুণ রিটার্ন! নভেম্বরেই লভ্যাংশে বাড়তি টাকা দেবে এই ‘মাল্টিব্যাগার’ অ্যালুমিনিয়াম স্টক?

‘মাল্টিব্যাগার’ হল রাষ্ট্রায়ত্ত ‘নবরত্ন’ সংস্থা ‘ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি’ বা নেলকো-র শেয়ার। নভেম্বরে ফের লভ্যাংশ ঘোষণা করবে তারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৮:৪৭
Representative Picture

—প্রতীকী চিত্র।

‘ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি’ বা নেলকো-র শেয়ারে লগ্নিকারীদের পকেট গরম! তিন বছরে ২৪২ শতাংশের বাম্পার রিটার্ন দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ‘নবরত্ন’ সংস্থা। ফলে, সংশ্লিষ্ট স্টকটির কপালে জুটল ‘মাল্টিব্যাগার’ তকমা। উল্লেখ্য, নভেম্বরে চলতি আর্থিক বছরের (২০২৬-২৭) দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) ফলাফল জানাবে তারা। ওই সময় লভ্যাংশ ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার, ৩০ অক্টোবর, ৩১৪.৫৫ টাকায় দৌড় থামায় নেলকো-র স্টক। গত বছরে ৩৩ শতাংশ মুনাফা করেছেন এই শেয়ারের লগ্নিকারীরা। পাশাপাশি, শেষ পাঁচ বছরে এর দাম বেড়েছে ২২৮ শতাংশ। যদিও সাম্প্রতিক অতীতে নিম্নমুখী হয়েছে নেলকো-র শেয়ার। গত এক, তিন ও ছ’মাসে যথাক্রমে সাত, নয় এবং ২০.৫ শতাংশ হ্রাস পেয়েছে স্টকটির দাম।

আগামী ২ নভেম্বর বৈঠকে বসবে নেলকো-র পরিচালন পর্ষদ। সেখানেই ঘোষিত হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘নবরত্ন’ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির আর্থিক ফলাফল। পাশাপাশি, একটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশও তাদের বিবেচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল। তবে, এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য দেয়নি নেলকো।

রাষ্ট্রায়ত্ত অ্যালুমিনিয়াম সংস্থাটির লভ্যাংশ প্রদানের লম্বা ইতিহাস রয়েছে। গত অর্থবর্ষে (২০২৫-২৬) স্টক প্রতি বাড়তি ১০.৫০ টাকা করে লগ্নিকারীদের মধ্যে বিলি করে নেলকো, যা এর ৫ টাকার অভিহিত মূল্যের (ফেসভ্যালু) উপর ২১০ শতাংশের সমতুল্য।

গত অর্থবর্ষে (২০২৫-২৬) মোট তিনবার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে নেলকো। ফলে, প্রথম বার স্টক প্রতি চার টাকা, দ্বিতীয় বার ৪.৫০টাকা এবং তৃতীয় বার দু’টাকা করে পেয়েছেন এর লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের অনুমান, ৩৮০ টাকায় উঠতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারের দাম। স্টকটির সাপোর্ট লেভেল ৩১৭ টাকা এবং স্টপ লস ২৯৩ টাকায় স্থির রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Stock Market News Multibagger Stock Sensex Nifty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy