এখন থেকে সরকারি অ্যাপে মদ অর্ডার করতে পারবেন দিল্লির বাসিন্দারা। সর্বোচ্চ ৯ লিটার হুইস্কি এবং ১৮ লিটার বিয়ার অর্ডার করা যাবে। যদিও বাড়িতে বসে সেই মদ (হোম ডেলিভারি) পাওয়া যাবে না। গ্রাহকদের অনলাইনে বুকিং এবং মূল্য পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট খুচরা বিক্রয়কেন্দ্র থেকে নিজেদের অর্ডার সংগ্রহ করতে হবে। মঙ্গলবার তেমনটাই জানান সরকারি কর্মকর্তারা।
‘দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিএসআইআইডিসি)-এর তরফে ওই মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির নাম ‘দিল্লি লিকার বুকিং’। সরকারি ওই অ্যাপের মাধ্যমে এখন আগে থেকে মদের বোতল বুক করতে পারবেন দিল্লির গ্রাহকেরা। অ্যাপটির মধ্যে গ্রাহকেরা বিভিন্ন মদের উপলব্ধ ব্র্যান্ডগুলি দেখতে পাবেন। বোতলের আকার ও পরিমাণ নির্বাচন করতে পারবেন অ্যাপ থেকেই। এর পর মদ সংগ্রহের জন্য ডিএসআইআইডিসি পরিচালিত যে কোনও একটি মদের দোকান বেছে নিতে হবে ক্রেতাদের। অনলাইনে টাকাও মেটাতে হবে। অনলাইনে অর্ডার বুক করা এবং টাকা মেটানো হয়ে গেলে, গ্রাহক একটি কিউআর কোড পাবেন। বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট দোকান থেকে কোডটি স্ক্যান করানোর পর মদ সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা। উল্লেখ্য, রাজধানী জুড়ে সংস্থাটির ২০৮টি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। বর্তমানে কেবল সেই সব দোকানেই এই অনলাইন বুকিং সুবিধা পাওয়া যাবে। তবে অনলাইনে অর্ডার করা মদ কোনও ভাবেই বাড়িতে ডেলিভারি করা হবে না। গ্রাহকদের তা সংগ্রহ করতে হবে নির্দিষ্ট দোকান থেকেই।
আরও পড়ুন:
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন বুকিং পরিষেবার প্রতি এখনও পর্যন্ত গ্রাহকদের সাড়া বেশ কম। এই সুবিধাটি ভবিষ্যতে সম্প্রসারণ করা হবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে গ্রাহকদের প্রতিক্রিয়ার উপর। কিন্তু কারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং এর সীমাবদ্ধতা কী কী? যোগ্যতার শর্তানুযায়ী, অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকের বয়স অন্তত ২৫ বছর হতে হবে। আবগারি নিয়ম অনুযায়ী, এক জন ব্যক্তি সর্বোচ্চ ৯ লিটার হুইস্কি এবং ১৮ লিটার বিয়ার কিনতে পারবেন। গ্রাহকেরা অর্ডার সংগ্রহের আগে তাঁদের বুকিং বাতিলও করতে পারেন। তবে পণ্য বিক্রি হয়ে যাওয়ার পর বা সংগ্রহ করে নেওয়ার পর তা ফেরত দেওয়ার কোনও সুযোগ নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন:
দিল্লিতে খুচরা বিক্রয়কেন্দ্রে মদ বিক্রির জন্য অনুমোদিত চারটি সরকারি সংস্থার মধ্যে ডিএসআইআইডিসি অন্যতম। এই চারটি সংস্থা মিলে রাজধানীতে ৭০০টিরও বেশি মদের দোকান পরিচালনা করে। তবে অনলাইন বুকিং সুবিধাটি শুধুমাত্র ডিএসআইআইডিসি পরিচালিত দোকানগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। ডিএসআইআইডিসির তরফে জানানো হয়েছে, এই পরিষেবার উদ্দেশ্য হল মদের দোকানে অপেক্ষার সময় কমানো এবং পেমেন্ট কাউন্টারে ভিড় বা জট কমানো। এ ছাড়া এটি মূল্য নির্ধারণ এবং বিলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে ও দোকানে যাওয়ার আগেই গ্রাহকদের মদের বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে জেনে নেওয়ার সুযোগ করে দেবে।