ভারত এবং ফিলিপিন্সে বহু কর্মীকে ছাঁটাই করেছে তথ্যপ্রযুক্তি (ডেটা ইঞ্জিনিয়ারিং) এবং কৃত্রিম মেধা সংক্রান্ত সংস্থা ইনোডেটা। কৃত্রিম মেধা বা এআই পরিষেবা প্রদানকারী এই সংস্থাটি সোমবার ভারতে প্রায় ৫৫০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এ ছাড়াও ফিলিপিন্সেও কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সংস্থার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। আর তার পরেই মার্কিন শেয়ারবাজার সূচক ন্যাসডাকে সংস্থার শেয়ারের দর ২৫.৩২ শতাংশ পড়েছে বলে খবর।
জানা গিয়েছে, লেনদেন চলাকালীন সংস্থার শেয়ারটির দর ২৮% পর্যন্ত পড়ে গিয়েছিল, যা একটি ব্যবসায়িক প্রকল্প সঙ্কুচিত হওয়ার ইঙ্গিত দেয়। পাশাপাশি এই ঘটনা সংস্থার সামগ্রিক ব্যবসার উপর ছাঁটাইয়ের সম্ভাব্য প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছে। ন্যাসডাকে ‘আইএনওডি’ টিকারের অধীনে তালিকাভুক্ত ইনোডাটার শেয়ার মঙ্গলবার ৪৪.৭৪ ডলারে লেনদেন শেষ করেছে, যা আগের দিনের দর ৫৯.৯১ ডলারের তুলনায় ১৫.১৭ ডলার কম।
আরও পড়ুন:
শেয়ারবাজারে এই বড় ধরনের দরপতনের কারণ হিসেবে অনেকেই ছাঁটাইয়ের বিষয়টি উল্লেখ করছেন। তাঁদের দাবি, সংস্থাটির শেয়ারের দরে এই পতন একটি বড় ব্যবসায়িক প্রকল্পের ক্ষতির ইঙ্গিত দেয়। তবে ইনোডাটা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি যে ব্যবসায় গ্রাহকের সংখ্যা কমার কারণেই কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। এমনকি, এই ছাঁটাইয়ের ফলে তাদের আয়ের উপর কী প্রভাব পড়বে, সে বিষয়েও তারা কিছু জানায়নি।
সোমবার ভারতে ইনোডেটার ৫৫০ জন কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ছাঁটাই হওয়া কর্মীরা জানিয়েছেন, সোমবার রোজকার মতোই কাজে ব্যস্ত ছিলেন তাঁরা। কিন্তু দুপুরের খাবারের সময়ের মধ্যেই ছাঁটাইয়ের খবর ছড়াতে শুরু করে। কিছু পরে হঠাৎ করেই অনেকে দেখেন, সংস্থার সিস্টেমে লগ ইন করতে পারছেন না তাঁরা। ল্যাপটপ থেকে লগ আউট করে দেওয়া হয়েছে তাঁদের। এ ছাড়া আইডিগুলিও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এর পর তাঁদের ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে বরখাস্ত সংক্রান্ত ইমেল পাঠানো হতে থাকে।
একটি চাকরি ছাঁটাই সংক্রান্ত ইমেলে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়িক প্রকল্পের জন্য সংশ্লিষ্ট কর্মীকে নিয়োগ করা হয়েছিল। এখন সেই প্রকল্প সঙ্কুচিত হওয়ার কারণে সংস্থাটি তার কর্মসংস্থান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইমেলে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত ব্যবসায়িক এবং পরিচালনগত প্রয়োজনের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীর ব্যক্তিগত কর্মক্ষমতার কোনও সম্পর্ক নেই।