প্রত্যাশা মতোই শেয়ারবাজারে দুর্দান্ত শুরু করল জিয়ো প্ল্যাটফর্মস। বুধবার, ২৮ অক্টোবর তালিকাভুক্তিতেই অসাধারণ রিটার্ন দিয়েছে ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর এই সংস্থা। শুধু তা-ই নয়, এর জেরে বাজার মূলধনের নিরিখে দেশের ঐতিহ্যশালী শিল্পগোষ্ঠী টাটাদের পিছনে ফেলল রিলায়্যান্স। ভারতের সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা।
এ দিন, তালিকাভুক্তির সময় জিয়ো প্ল্যাটফর্মসের স্টকের দর ওঠে ১,৩৫৮ টাকা যেটা তার ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও মূল্যের তুলনায় ২১.৪ শতাংশ বেশি। উল্লেখ্য, জিয়ো প্ল্যাটফর্মসের শেয়ারের আবেদনমূল্য ১,১১৯ টাকা ধার্য করেছিল মুকেশের সংস্থা। এর জেরে তালিকাভুক্তির সঙ্গে সঙ্গেই অম্বানীদের এই সংস্থার বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ১২.৫ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুকেশের রিলায়্যান্স গোষ্ঠীর তালিকাভুক্ত যাবতীয় সংস্থার সম্মিলিত বাজার মূলধনের অঙ্ক প্রায় ৩০ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। শুধুমাত্র রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় এবং জিয়ো প্ল্যাটফর্মসকে ধরলে সেই অঙ্ক ২৮.৭ লক্ষ কোটি টাকা বলে জানা গিয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে টাটা ও আদানি গোষ্ঠী। তাদের বাজার মূলধনের পরিমাণ যথাক্রমে ২৫.৬ লক্ষ কোটি ও ১৬.৬ লক্ষ কোটি টাকা।
শেয়ারের দুনিয়ায় সদ্য পা রাখা জিয়ো প্ল্যাটফর্মসে অংশীদারের সংখ্যাও সারা দেশে সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। এতে লগ্নিকারীর সংখ্যা প্রায় ৭৯.৮ লক্ষ। এ দিন, তালিকাভুক্তির সময় ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানোর অনুষ্ঠানের আয়োজন করে মুম্বইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। তাতে হাজির ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার তথা চেয়ারম্যান মুকেশ অম্বানী এবং তাঁর পরিবারের সদস্যেরা।
আরও পড়ুন:
এ দিনের তালিকাভুক্তিতে ভারতীয় শেয়ারবাজারের প্রথম ও দ্বিতীয় সর্বাধিক মূ্ল্যবান সংস্থায় পরিণত হয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় ও জিয়ো প্ল্যাটফর্মস। এদের সম্মিলিত বাজার মূলধনের পরিমাণ টাটা গোষ্ঠীর সমস্ত তালিকাভুক্ত সংস্থার চেয়ে ৩.১ লক্ষ কোটি টাকা বেশি। এই তুলনামূলক হিসাবে জিয়ো ফিন্যান্সশিয়াল সার্ভিসেসকে অন্তর্ভুক্ত করা হয়নি।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)