Advertisement
E-Paper

দু’দিনে ২৭ শতাংশ মেগা মুনাফায় মুকেশের জিয়ো! প্রায় ১০০০ পয়েন্ট বেড়ে লক্ষ্মীবারে পকেট ভরাল সেনসেক্স

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ফের ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। অন্য দিকে, তালিকাভুক্তির পর থেকে রকেট গতিতে ছুটছে ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা জিয়ো প্ল্যাটফর্মসের স্টক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৭:২০
Representative Picture

—প্রতীকী চিত্র।

শেয়ারের মাঠে খেলতে নেমেই বিধ্বংসী ব্যাটিং! ঝোড়ো গতিতে ‘রানের পাহাড়’ গড়ছে জিয়ো প্ল্যাটফর্মস। মাত্র দু’দিনেই ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও মূল্যের নিরিখে প্রায় ২৭ শতাংশ বাড়ল দাম। ফলে, ১,৪০০ টাকা ছাপিয়ে গিয়েছে ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থাটির স্টকের মূল্য। বলা বাহুল্য, লক্ষ্মীবারে এহেন ‘বাম্পার’ লক্ষ্মীলাভে বেজায় খুশি লগ্নিকারীদের একাংশ।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, বাজার বন্ধ হলে দেখা যায়, ১,৪১৯.৫০ টাকায় দৌড় থামিয়েছে জিয়ো প্ল্যাটফর্মস-এর শেয়ার। বুধবার, ২৮ অক্টোবর তালিকাভুক্তির সময় এর দাম ওঠে ১,৩৫৮ টাকা। ফলে, আইপিও মূল্যের উপর মুনাফার অঙ্ক দাঁড়ায় ২১.৩৬ শতাংশ। উল্লেখ্য, মুকেশের এই সংস্থার অংশীদারি পেতে আবেদনকারীদের স্টক প্রতি দিতে হয়েছে ১,১১৯ টাকা।

উল্লেখ্য, মাত্র দু’দিনে জিয়ো প্ল্যাটফর্মস-এর শেয়ার প্রতি মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ টাকা। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সম্মিলিত ভাবে অম্বানীদের এই স্টকের মোট লেনদেনের পরিমাণ ২৬,৫০০ কোটি টাকা অতিক্রম করে গিয়েছে। তালিকাভুক্তির সময় প্রায় ১২.৫ লক্ষ কোটি টাকার গণ্ডি স্পর্শ করে সংশ্লিষ্ট সংস্থাটির বাজার মূলধন। ফলে, দেশের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয় এটি।

লক্ষ্মীবারের লেনদেন শেষে জিয়ো প্ল্যাটফর্মস-এর বাজার মূলধন আরও বেড়ে প্রায় ১৩.১ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছোয়। আর্থিক বিশ্লেষকদের দাবি, এই প্রবণতা বজায় থাকলে ২,০০০ টাকায় চড়তে পারে মুকেশের সংস্থার স্টকের দর। প্রসঙ্গত, জিয়ো প্ল্যাটফর্মস-এর তালিকাভুক্তির দিনেই খাদে পড়ে সেনসেক্স ও নিফটি। এ দিন অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাজার।

বৃহস্পতিবার, ৯০৫.০১ পয়েন্ট বৃদ্ধি পায় সেনসেক্স। শতাংশের নিরিখে যেটা ১.২৪। ফলে, দিন শেষে দেখা যায় ৭৪,১৫১.০৪ পয়েন্টে গিয়ে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) এই শেয়ার সূচক। একই ভাবে নিফটি ৫০-এ ২৩৭.৯০ পয়েন্টের বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) এই সূচক বর্তমানে দাঁড়িয়ে আছে ২২,৯৩৬.৭৫ পয়েন্টে, যা ১.০৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

এ দিন নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপের সূচক বেড়েছে এক শতাংশ। গাড়ি নির্মাণকে বাদ দিলে অন্যান্য সমস্ত সংস্থাকে দিনভর উপরের দিকে থাকতে দেখা গিয়েছে। লক্ষ্মীবারে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন। লোকসানে থাকা সংস্থাগুলি হল ট্রেন্ট, মারুতি সুজ়ুকি, এসবিআই লাইফ ইনসিয়োর‌্যান্স এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ারবাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Reliance Jio Stock Market News Sensex Nifty Up

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy