দীপাবলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ‘মেগা উপহার’! তিন শতাংশ বিন্দু মহার্ঘভাতা বা ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) বৃদ্ধি করল নরেন্দ্র মোদী সরকার। এর জেরে আর্থিক ভাবে লাভবান হবেন পেনশনভোগীরাও। বুধবার, ২৮ অক্টোবর এই ঘোষণা করেন কেন্দ্রীয় রেল, তথ্য-সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এ দিন মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মোদী প্রশাসন। বর্তমানে ডিএ বাবদ মূল বেতনের (পড়ুন, বেসিক পে) ৬০ শতাংশ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা। সেটাই এ বার বেড়ে হল ৬৩ শতাংশ। এতে ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন:
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা। ১ জুলাই থেকে যেটা কার্যকর হবে বলে জানিয়েছে মোদী প্রশাসন। এই সিদ্ধান্তের জেরে বছরে আনুমানিক ১০,০১৬ কোটি টাকা বাড়তি খরচ হবে বলে জানিয়েছে সরকার।
চলতি বছরের এপ্রিলে শেষবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। ওই সময় দুই শতাংশ বেড়েছিল মহার্ঘভাতা। ফলে সেটা মূল বেতনের ৬০ শতাংশে গিয়ে দাঁড়ায়। এ বার ডিএ বেড়ে ৬৩ শতাংশ হওয়ায় একজন কর্মচারীর কতটা বেতন বাড়বে, আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়া যেতে পারে। ধরা যাক, কোনও কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা। সে ক্ষেত্রে ডিএ-র পরিমাণ ৬৩ শতাংশ হওয়ায় প্রতি মাসে মহার্ঘ ভাতায় বাড়তি ৯০০ টাকা পাবেন ওই ব্যক্তি। একই ভাবে মূল বেতন ৪০,০০০ টাকা হলে প্রতি মাসে সেটা অতিরিক্ত মিলবে ১,২০০ টাকা।