Advertisement
E-Paper

তালিকাভুক্তিতেই ২০% বাম্পার রিটার্ন? পুজোয় ৩০,০০০ কোটির আইপিও আনছে মুকেশের ‘জিয়ো প্ল্যাটফর্মস’

পুজোর মধ্যে শেয়ার বাজারে হইচই। ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা ‘জিয়ো প্ল্যাটফর্মস’-এর আইপিওতে করা যাবে আবেদন। তালিকাভুক্তিতেই এতে বাম্পার রিটার্ন মিলতে পারে বলে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৯
Mukesh Ambani and Jio

ছবি: সংগৃহীত।

পুজোয় শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। উৎসবের মধ্যেই স্টক দুনিয়ায় পা রাখছে ধনকুবের শিল্পপতি তথা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ অম্বানীর ‘জিয়ো প্ল্যাটফর্মস’। আর তাই নিয়ম মেনে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনছে তারা। তালিকাভুক্তিতেই বাম্পার রিটার্ন দেবে ওই টেলিকম ও ডিজিটাল পরিষেবা সংস্থা? ব্রোকারেজ ফার্ম থেকে খুচরো লগ্নিকারী, সংশ্লিষ্ট ইস্যুতে সকলেরই বাড়ছে জল্পনা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, আইপিও-র মূল্যসীমা, লটের আকার থেকে শুরু করে আবেদন ও তালিকাভুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করে জিয়ো প্ল্যাটফর্মস। এর মাধ্যমে বাজার থেকে ৩০,২১৩ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে তাদের। ফলে, এটি ভারতের বৃহত্তম আইপিও হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আগামী ২১ অক্টোবর, বুধবার থেকে জিয়ো প্ল্যাটফর্মের আইপিওতে খুচরো লগ্নিকারীরা করতে পারবেন আবেদন। ২৩ অক্টোবর, শুক্রবার পর্যন্ত চালু থাকবে এই প্রক্রিয়া। সংশ্লিষ্ট আইপিও-র মূল্যসীমা স্টক প্রতি ১,০৬৫-১,১১৯ টাকা ধার্য করা হয়েছে। এতে ১০ টাকার ফেসভ্যালুর মোট ২৭ কোটি নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে মুকেশের সংস্থা।

উল্লেখ্য, ১৯ অক্টোবর, সোমবার নিলামের মাধ্যমে অ্যাঙ্কর লগ্নিকারী বেছে নেবে জিয়ো প্ল্যাটফর্মস। তা ছাড়া ‘এমপ্লয়ি রিজ়ার্ভেশন ক্যাটেগরি’-র সংরক্ষিত শ্রেণিতে সংশ্লিষ্ট আইপিওতে আবেদনের সুযোগ পাবেন অম্বানীর সংস্থার যোগ্য কর্মীদের একাংশ। তাঁদের ক্ষেত্রে স্টক প্রতি ৫৪ টাকা ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, জিয়ো ছাড়াও সংরক্ষিত শ্রেণিতে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্মী এবং লগ্নিকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। এতে টেলিকম ও ডিজিটাল পরিষেবা সংস্থাটির যোগ্য কর্মীরা ৫০০ কোটি টাকা পর্যন্ত মূল্যের শেয়ারে আবেদন করতে পারবেন। অন্য দিকে, রিলায়্যান্সের যোগ্য বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকছে ২,৫০০ কোটি টাকা মূল্যের স্টক।

এ দিন, ধূসর বাজারে ২১৮ টাকা ঊর্ধ্বমুখী হয় জ়িয়ো প্ল্যাটফর্মসের আইপিও-র দর। শেয়ার বিশেষজ্ঞদের অনুমান, তালিকাভুক্তির সময় মুকেশের এই সংস্থার স্টকের দর উঠবে ১,৩৩৭ টাকা। অর্থাৎ খেলতে নেমেই প্রায় ২০ শতাংশের বাম্পার রিটার্ন দিতে পারে তারা। সংশ্লিষ্ট আইপিও-র স্টক বরাদ্দের তারিখ ২৬ অক্টোবর। এর দু’দিনের মাথায় (পড়ুন, ২৮ অক্টোবর) বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তির কথা রয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Reliance Jio Mukesh Ambani IPO

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy