শেয়ারবাজারের অস্থিরতা অব্যাহত। যদিও তার মধ্যেই লভ্যাংশ ঘোষণা করল তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই তালিকায় রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল), ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) এবং ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএমডিসিএল) নাম। তাদের এ-হেন সিদ্ধান্তে উৎসবের মরসুমে লগ্নিকারীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি, সেল পরিচালন পর্ষদের ঘোষণা অনুযায়ী, স্টকপ্রতি ২.৩৫ টাকা করে লভ্যাংশ পাবেন লগ্নিকারী। শতাংশের নিরিখে সেটা ২৩.৫। ওই লভ্যাংশ নথিবদ্ধকরণের তারিখ ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ফলে, তার আগে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারে বিনিয়োগ করা প্রত্যেকে পাবেন বাড়তি টাকা। অন্য দিকে, সেলের বার্ষিক লভ্যাংশ হার ১.৭২ শতাংশ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর মাত্র ০.৪৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয় ধাতুভিত্তিক রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারের দর। বর্তমানে ১৮৪.৮৫ টাকায় দাঁড়িয়ে আছে সেটি। সেলের বাজারি মূলধনের অঙ্ক ৭৬,৩৬৫.৪০ কোটি টাকা বলে জানা গিয়েছে। গত ছ’মাসে প্রায় ২২ শতাংশ বেড়েছে সেলের স্টকের দাম। শেষ এক এবং পাঁচ বছরে এতে যথাক্রমে ৩৫.৪০ এবং ৭৬.৭০ শতাংশ বৃদ্ধি দেখেছেন লগ্নিকারীরা।
অন্য দিকে, স্টকপ্রতি ৭৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। ফলে প্রতি শেয়ারে ১.৫০ টাকা করে পাবেন এর লগ্নিকারীরা। আগামী ১ অক্টোবর সেটা নথিবদ্ধকরণের কথা ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংস্থার পরিচালন পর্ষদ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তার পরেও বাড়েনি তাদের স্টকের দর।
আরও পড়ুন:
এ দিন, বাজার বন্ধ হলে দেখা যায় ০.৬৭ শতাংশ পড়েছে আইজিএলের শেয়ার। ফলে ১৪৪.৭৬ টাকায় চলে এসেছে সেটি। চলতি বছরে এখনও পর্যন্ত ১৩ শতাংশ নেতিবাচক রিটার্ন দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। শুধু তা-ই নয়, গত এক বছরে ২৯.৩৭ শতাংশ এবং শেষ পাঁচ বছরে ৪৫.৪৩ শতাংশ কমেছে তার শেয়ারের দাম।
এ ছাড়া, ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এনএমডিসি লিমিটেড। এতে শেয়ারপ্রতি এক টাকা করে মুনাফা পাবেন লগ্নিকারীরা। সেটা নথিবদ্ধকরণের তারিখে ৫ অক্টোবর। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বার্ষিক লভ্যাংশের হার ৪.৩৮ শতাংশ বলে জানা গিয়েছে। ৭০,৩৩৪ কোটির টাকার বেশি বাজারি মূলধন রয়েছে তাদের।
বর্তমানে প্রায় ৮০ টাকায় ঘোরাফেরা করছে এনএমডিসি লিমিটেডের শেয়ার। এ দিন, এতে ১.৩২ শতাংশের পতন দেখতে পাওয়া গিয়েছে। তবে গত পাঁচ বছরে ৭০.৮৮ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। যদিও শেষ ছ’মাস ও এক বছরে বৃদ্ধির হার খুবই সামান্য। এই সময়সীমার মধ্যে মাত্র ২.৪৪ এবং ৪.৪১ শতাংশ বেড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির স্টক।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)