ফের ভারতীয় স্টেট ব্যাঙ্ক বা এসবিআই-এর দুরন্ত পারফরম্যান্স। চলতি আর্থিক বছরের (২০২৬-’২৭) দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) বেড়েছে তাদের নিট মুনাফার অঙ্ক। পাশাপাশি, অনুৎপাদক সম্পদের পরিমাণ কমাতে সক্ষম হয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি আর্থিক প্রতিষ্ঠান। শুধু তা-ই নয়, এই সময়সীমায় খুচরো ও শিল্প ক্ষেত্রে দেদার ঋণও দিয়েছে তারা।
মঙ্গলবার, ৩ নভেম্বর, দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে এসবিআই। ভারতীয় স্টেট ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় তাদের নিট মুনাফা বেড়েছে ১৪.২৮ শতাংশ। টাকার অঙ্কে যেটি ২৩,০৩৮ কোটি। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এসবিআই-এর নিট মুনাফার পরিমাণ ছিল ২০,২৫৯ কোটি টাকা।
চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের বৃহত্তম ব্যাঙ্কটি মোট ১১৫ লক্ষ কোটি টাকার ব্যবসাও করেছে। তাদের সুদ বাবদ আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১০.৪৬ শতাংশ। ফলে, ১.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে সেটি। গত বছর একই সময়ে যা ছিল ১.১৯ লক্ষ কোটি টাকা।
এ বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে এসবিআই-এর সুদ থেকে নিট আয় ১৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৯,১৪৩ কোটি টাকায় এসে দাঁড়ায়। গত অর্থবর্ষের (২০২৫-’২৬) দ্বিতীয় ত্রৈমাসিকে যেটি ছিল ৪২,৮৪৭ কোটি টাকা। এ ছাড়া, ব্যাঙ্কটির মোট আয় ৬.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৩ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যা ছিল ১.৩৪ লক্ষ কোটি টাকা।
উল্লেখ্য, সেপ্টেম্বর ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে এসবিআই-এর অনুৎপাদক সম্পদ। এক বছর আগের ৭৬,২৪৩ কোটি টাকার তুলনায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ পাঁচ শতাংশ কমে ৭২,৫২৯ কোটি টাকায় নেমে এসেছে। ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ঋণখেলাপির পরিমাণ ছিল ১.৭৩ শতাংশ। এ বার একই সময়ে সেটি হ্রাস পেয়ে ১.৩৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।
দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে নিট হিসাবে মোট ঋণের প্রেক্ষিতে ব্যাঙ্কটির অনুৎপাদক সম্পদের হার নেমে এসেছে ০.৩৬ শতাংশে। ওই সময়ে খুচরো, কৃষি এবং ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থা মিলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের বণ্টন করা মোট ঋণের পরিমাণ আগের বারের থেকে ১৭.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ১৬.১২ শতাংশ বেড়েছে শিল্প ঋণ।
সেপ্টেম্বর ত্রৈমাসিকে দুর্দান্ত ফলাফলের খবর প্রকাশ্যে আসতেই চড়েছে এসবিআই-এর শেয়ারের দাম। বুধবার, ৪ নভেম্বর, সকাল সাড়ে ১১টা নাগাদ ৯৭৫ টাকায় ওঠে এর স্টকের দর। শেষ পাঁচ বছরে প্রায় ৮৪ শতাংশ মুনাফা পেয়েছেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের লগ্নিকারীরা।