Advertisement
E-Paper

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! চলতি অর্থবর্ষে ১২,০০০ কর্মী নিয়োগ করবে এসবিআই, খুলবে ২৫০ নতুন শাখাও

ভারতের বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান এসবিআইয়ের চেয়ারম্যান সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘‘নিয়োগের ক্ষেত্রে আমার ধারণা এ বছর আমরা করণিক এবং অফিসার, উভয় ক্যাডার মিলিয়ে ১১,০০০ থেকে ১২,০০০ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করছি।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫২
SBI to recruit 12,000 employees and open 250 branches in this financial year

ছবি: সংগৃহীত।

চলতি অর্থবর্ষে ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কিং নেটওয়ার্কে প্রায় ২৫০টি নতুন শাখা খোলারও পরিকল্পনা রয়েছে। তেমনটাই জানালেন চেয়ারম্যান সিএস শেট্টি। তিনি জানিয়েছেন, অফিসার এবং সাধারণ কর্মী মিলিয়েই এই নিয়োগ হবে। তবে অবসরের সংখ্যা এবং পরিস্থিতি বিচার করে কর্মী নিয়োগের চূড়ান্ত সংখ্যা স্থির হবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গত বছরের ১৫০০ জনের তুলনায় কম লোক নেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতের বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান এসবিআইয়ের চেয়ারম্যান শেট্টি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘‘নিয়োগের ক্ষেত্রে, আমার ধারণা এ বছর আমরা করণিক এবং অফিসার, উভয় ক্যাডার মিলিয়ে ১১,০০০ থেকে ১২,০০০ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করছি।’’ তিনি আরও বলেন, ‘‘অবসর এবং নতুন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই সংখ্যায় কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আমার আশা, অর্থবর্ষের শেষে আমাদের মোট নিয়োগের সংখ্যা ১২,০০০-এর ঘরেই থাকবে।’’

শেট্টি জানিয়েছেন, গত বছর ব্যাঙ্কটি বেশ বড় পরিসরে নিয়োগ করেছিল, কারণ সে সময় ১,৫০০ জন বিশেষজ্ঞ আইটি (তথ্যপ্রযুক্তি) অফিসার নিয়োগ করা হয়েছিল। তবে তিনি যোগ করেছেন, ‘‘এ বছর আইটি বিভাগে আমাদের এত বিপুল সংখ্যক কর্মী নিয়োগের প্রয়োজন নেই।’’

এসবিআই ভারতের অন্যতম বৃহত্তম নিয়োগকারী প্রতিষ্ঠান। মার্চ ২০২৬ পর্যন্ত তাদের কর্মীসংখ্যা ছিল ২ লাখ ৪৫ হাজারের বেশি। ব্যাঙ্কের ২০২৬ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-’২৬ অর্থবর্ষে ব্যাঙ্কটিতে ৪,৬৪০ জন অফিসার, ১৯,৩৪০ জন অ্যাসোসিয়েট এবং ১,৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এর ফলে মোট নিয়োগের সংখ্যা দাঁড়িয়েছিল ২৫,৬৩৩।

শেট্টি জানিয়েছেন, এসবিআইয়ের বিশাল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও অনেক এলাকায় এখনও ব্যাঙ্কিং পরিষেবার আওতার ক্ষেত্রে কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে। নতুন বসতি গড়ে ওঠা এলাকা কিংবা বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ জেলা, সব জায়গাতেই এসবিআইয়ের উপস্থিতি আরও বাড়ানো সম্ভব বলেও জানিয়েছেন তিনি। এসবিআই চেয়ারম্যানের কথায়, ‘‘আমরা কিছু শাখার যৌক্তিকতার বিষয়টিও খতিয়ে দেখছি। এর অর্থ, সব মিলিয়ে প্রতি বছর আমাদের শাখার সংখ্যা হয়তো ২০০ থেকে ২৫০টি করে বাড়বে।’’

পাশাপাশি ‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-তে নিজেদের শেয়ারের পরিমাণ কমানোর বিষয়ে শেট্টি জানিয়েছেন, এসবিআই এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান এসবিআই ক্যাপিটাল মার্কেটস লিমিটেড যৌথ ভাবে এক্সচেঞ্জটির প্রস্তাবিত ৩০,০০০ কোটি টাকার ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-এর মাধ্যমে তাদের মোট শেয়ারের ১ শতাংশ পর্যন্ত বিক্রি বা হস্তান্তর করার পরিকল্পনা করছে। পিটিআই-কে তিনি বলেন, ‘‘আমরা এই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। আমরা এসবিআইয়ের পক্ষ থেকে ০.৬৫ শতাংশ এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটসের পক্ষ থেকে ০.৩৫ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব করছি। কারণ আমাদের উভয়েরই এতে অংশীদারি রয়েছে। সুতরাং, এসবিআই গোষ্ঠী হিসেবে আমরা যৌথ ভাবে প্রায় ১ শতাংশ শেয়ার বিক্রি করছি। তবে অন্য কোনও অংশীদার এতে যোগ দিলে এই পরিমাণ কমও হতে পারে।’’ তবে শেট্টি স্পষ্ট করেছেন, অদূর ভবিষ্যতে অন্য কোনও সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের কোনও পরিকল্পনা প্রতিষ্ঠানটির নেই। বর্তমানে এনএসই-তে এসবিআইয়ের ৩.২৩ শতাংশ এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটসের ৪.৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

Recruitment SBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy