Advertisement
E-Paper

সিবিএসই ও আইআইটি গান্ধীনগরের যৌথ উদ্যোগ, ১৫ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘৩০ ৩০ একলব্য’ অনলাইন প্রোগ্রাম

সিবিএসই জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুরো সিরিজ়ে মোট আটটি পর্ব থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৪:৩৫

ছবি: সংগৃহীত।

স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে কম্পিউটেশনাল থিঙ্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টেম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেমেটিক্স) শিক্ষার প্রসারের স্বার্থে নয়া কর্মসূচি করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আইআইটি গান্ধীনগরের ‘সেন্টার ফর ক্রিয়েটিভ লার্নিং’ (সিসিএল)-এর সহায়তায় আগামী ১৫ অগস্ট থেকে ‘৩০৩০ একলব্য’ শীর্ষক একটি বিশেষ অনলাইন সিরিজ় চালু করতে চলেছে সিবিএসই।

সিবিএসই জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, সৃজনশীলতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুরো সিরিজ়ে মোট আটটি পর্ব থাকবে। প্রথম পর্ব ১৫ অগস্ট বিকালে সম্প্রচারিত হবে। প্রথম পর্বের নাম থাকবে ‘কম্পিউটেশনাল থিংকিং অ্যান্ড এআই উইথ ম্যাচবক্সেস’।

পরবর্তী সাতটি পর্ব, প্রতি রবিবার বিকাল ৪টে নাগাদ সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। লাইভ সেশনগুলি মূলত হিন্দিতে পরিচালিত হবে এবং পরবর্তীতে দেখার সুবিধার জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হবে।

ষষ্ঠ এবং তার উপরের যে কোনও শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক সম্পূর্ণ বিনামূল্যে এই প্রোগ্রামে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে নাম দিতেই হবে এমনটা বাধ্যতামূলক নয়। ইচ্ছুক প্রার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এতে যুক্ত হতে পারেন বলেই মত সিবিএসই-র। এই প্রোগ্রামে নাম নথিভুক্ত করার জন্য কোনও টাকা না দিতে হলেও, প্রোগ্রামের শেষে সার্টিফিকেট পেতে হলে নির্ধারিত টাকা জমা দিতে হবে।

সম্পূর্ণ প্রোগ্রামটিতে বেশ কয়েকটি হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেগুলি সম্পন্ন করে প্রার্থীরা নির্দিষ্ট টাকা (২০০ টাকা এবং প্রযোজ্য কর) জমা দিলে, এই কোর্সে যোগ দেওয়ার জন্য সার্টিফিকেট দেওয়া হবে। একই টাকা দিয়ে শিক্ষকেরা পাবেন ‘সার্টিফিকেট অফ কম্পিটেন্সি’। পাশাপাশি, সিবিএসই অনুমোদিত স্কুলের শিক্ষকেরা প্রতিটি পর্বের জন্য তিন ঘণ্টার ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট’ ক্রেডিট পাবেন। তবে, শুধুমাত্র যদি তাঁরা শংসাপত্র পান এবং সিসিএল-আইআইটি গান্ধীনগরের ডেটাবেসে নাম নথিভুক্ত থাকে, তা হলেই ক্রেডিট মিলবে।

উল্লেখ্য, এর আগে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিবিএসই কম্পিউটেশনাল থিঙ্কিং ও এআই কারিকুলাম ফ্রেমওয়ার্ক চালু করেছিল। পাশাপাশি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক প্রশিক্ষণের বিশেষ বিষয় হিসাবেও এটিকে ঘোষণা করা হয়।

CBSE 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy