সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির খাতার নম্বর পুনর্মূল্যায়ন এবং যাচাইকরণ নির্ধারিত সময়সীমার মধ্যে না করতে পারায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। এ বার দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশের পর নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করল সিবিএসই।
পড়ুয়ারা নিজেদের স্ক্যান করা উত্তরপত্র ভাল ভাবে দেখে তাদের মেন ও সেকেন্ড— দুই পরীক্ষার ক্ষেত্রেই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। তবে কোনও পড়ুয়া যদি একই বিষয় মেন ও সেকেন্ড বোর্ড— দুই পরীক্ষার জন্যেই আবেদন করে থাকে, সে ক্ষেত্রে শুধুমাত্র একটি উত্তরপত্রের নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। নম্বর যাচাইয়ের জন্য পড়ুয়াদের ৩০০ টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। বোর্ড জানিয়েছে যে, পুনর্মূল্যায়নের পর পড়ুয়াদের প্রাপ্ত নম্বর বাড়তে, কমতে বা অপরিবর্তিতও থাকতে পারে।
আবেদন করা যাবে কী ভাবে?
১। সিবিএসই-এর নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in/newsite_old/rchk.html –এ যেতে হবে।
২। ‘অ্যাপ্লাই’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। অ্যানসার বুক অ্যাপলিকেশন আইডি, রোল নম্বর, স্কুল নম্বর, পরীক্ষাকেন্দ্রের নম্বর, শেষে ক্যাপচা কোড লিখতে হবে।
৪। কোন পরীক্ষা ও কোন বিষয়ের নম্বর যাচাই বা পুনর্মূল্যায়ন করতে চায়, তা নির্বাচন করতে হবে।
৫। সম্পূর্ণ প্রশ্নটি নির্বাচন করে আবেদনের কারণ উল্লেখ করতে হবে।
আরও পড়ুন:
৬। এর পর অনলাইনে আবেদনটি জমা দিয়ে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
৭। প্রার্থী তার লগ-ইন আইডির মাধ্যমে আবেদনের স্ট্যাটাস ও ফলাফল দেখতে পারবে।
পুনর্মূল্যায়নের গুরুত্বপূর্ণ নিয়ম
পুনর্মূল্যায়ন কোনও প্রশ্নের নির্দিষ্ট অংশের জন্য নয়, সম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পড়ুয়া যদি কোন বিষয়ের জন্য উত্তরপত্র একটি উত্তরপত্র বেছে নেয়, পরে একই বিষয়ের জন্য অন্য উত্তরপত্র জমা দিতে পারবে না। নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের পর যে ফলাফল প্রকাশিত হবে, সেটিই চূড়ান্ত ফল বলে গণ্য করা হবে।