বিভিন্ন ক্ষেত্রে বিবাদ বা বিরোধের মীমাংসায় মধ্যস্থতাকারীর প্রয়োজন হয়। পেশাগত ক্ষেত্রেও মধ্যস্থতাকারীর প্রয়োজন হয়। এই পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স (আইআইসিএ)। প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সিলেন্স ইন অল্টারনেটিভ ডিসপিউট রেজ়োলিউশন-এর (সিইএডিআর) উদ্যোগে শুরু হতে চলেছে ‘আইআইসিএ সার্টিফায়েড মিডিয়েটর প্রোগ্রাম’। সম্প্রতি এই মর্মে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইআইসিএ-এর ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি ১০০ ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি। মোট ১০টি মডিউলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। লাইভ ভিডিয়ো সেশন, অনুশীলনমূলক মধ্যস্থতা এবং বিশেষজ্ঞদের মাস্টার ক্লাসের ব্যবস্থা থাকবে। বিরোধের মীমাংসায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত জ্ঞান অর্জনে সাহায্য করবে এই প্রশিক্ষণ। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে কোর্সটি।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই প্রশিক্ষণে ভর্তির জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীদের অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মোট ৩০টি আসনে ভর্তি নেওয়া হবে। আগে আবেদন করলে আগে ভর্তির সুযোগ মিলবে। ভারতীয়দের জন্য প্রশিক্ষণের ফি ৫০,০০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত জিএসটি দিতে হবে। কোনও সংস্থা বা কোম্পানির তরফে একসঙ্গে একাধিক কর্মীর নাম নথিভুক্ত করালে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। আন্তর্জাতিক প্রার্থীদের ক্ষেত্রে দেশ অনুযায়ী ফি ৭৫০ থেকে ১,৫০০ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। তাঁদেরও অতিরিক্ত জিএসটি দিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহী প্রার্থীদের আইআইসিএ-র সরকারি ওয়েবসাইটে (https://iica.nic.in/mediation/) গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর ২০২৬। এই প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।