কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাইবার অপরাধ মোকাবিলায় জাতীয় স্তরের হ্যাকাথন ‘রক্ষম ২০২৬’ চালু করল আইআইটি দিল্লি। ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র এবং অ্যামাজনের সহযোগিতায় এই উদ্যোগ।
কর্তৃপক্ষ জানিয়েছেন, আইআইটি দিল্লির দুই পড়ুয়ার তরফে এই উদ্যোগ। কণ্ঠস্বর নকল করে প্রতারণা, ডিপফেক এবং অনলাইন জালিয়াতি রুখতে নতুন প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করাই এই প্রতিযোগিতার লক্ষ্য।
আবেদনের শেষ তারিখ
হ্যাকাথনে নাম নথিভুক্তি ও নিজেদের প্রকল্পের ধারণা জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইনে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পাররেন পড়ুয়ারা।
হ্যাকাথনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা দুই থেকে চার জনের দল বানিয়ে যোগ নিতে পারবেন। প্রযুক্তিগত কাঠামো, বাস্তবে প্রয়োগের সম্ভাবনা, দায়িত্বশীল ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সাইবার প্রতারণা রুখতে সমাধানের কার্যকারিতার ভিত্তিতে দলগুলির মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন:
চূড়ান্ত পর্ব
সেরা ৩০টি দল ২৪ ও ২৫ অক্টোবর আইআইটি দিল্লিতে ৪৮ ঘণ্টার এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে তাঁদের নিজেদের তৈরি প্রযুক্তি পরীক্ষা ও প্রদর্শন করতে হবে বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর সামনে। উল্লেখযোগ্য সমাধান এবং বিজয়ী দলগুলির কাজ অ্যামাজন সম্ভব ২০২৬-এ প্রদর্শনের সুযোগও মিলতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।